Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

ব্যাঙ্কে কেওয়াইসি জমা সহজ করতে আরবিআই নির্দেশিকা

ব্যাঙ্কে কেওয়াইসি জমা সহজ  করতে আরবিআই নির্দেশিকা
  • ৩০ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নো ইয়োর কাস্টমার বা কেওয়াইসি জমা করা নিয়ে ঝক্কির অন্ত নেই। সেই কাজ সহজ করতে নয়া নির্দেশিকা জারি করল রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই)। আরবিআই জানিয়েছে, এবার সরাসরি ব্যাঙ্কে না গিয়ে, ব্যাঙ্কিং করেসপনডেন্ট বা ‘বিসি’র মাধ্যমেই শর্তসাপেক্ষে কেওয়াইসি জমা করতে পারবেন গ্রাহক। 

Advertisement

আরবিআইয়ের বক্তব্য, নতুন অ্যাকাউন্ট খোলার পর বহু গ্রাহকই সময়মতো কেওয়াইসি আপডেট বা জমা করেন না। সেই কারণেই সরাসরি ভর্তুকি বা অন্যান্য পরিষেবা পেতে সমস্যা হয়। সেই সমস্যা কাটাতে রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, ব্যাঙ্কগুলি তাদের বিসি বা ব্যাঙ্ক সহায়কদের দিয়ে সেই কাজ করাতে পারবে। যেসব গ্রাহকের কেওয়াইসি ইতিমধ্যেই জমা করা আছে এবং তাতে পরবর্তীকালে কোনও পরিবর্তন হয়নি, তাঁরা নিজেরা সেই তথ্য বিসি’দের মাধ্যমে জানাতে পারবেন। যদি কোনও গ্রাহকের ঠিকানা পরিবর্তনের প্রয়োজন থাকে, তাহলে তিনি সেই কাজটিও বিসি’র মাধ্যমে করতে পারবেন। এক্ষেত্রে প্রয়োজনীয় তথ্য এবং নথি যাতে সংশ্লিষ্ট ব্যাঙ্কে বিসির মাধ্যমে জমা বা আপলোড হয়, সেই ব্যবস্থা করা হবে। এছাড়া কোনও গ্রাহক যদি ব্যাঙ্কে গিয়ে কেওয়াইসি জমা করতে চান, তাহলে সেই সুযোগ মিলবে। বায়োমেট্রিক ব্যবস্থায় ই-কেওয়াইসির মাধ্যমে তা সম্পন্ন হবে। যদি গ্রাহক ঠিকানা বদলাতে চান এবং আধার কার্ডে থাকা ঠিকানার সঙ্গে তার মিল না থাকে, তাহলেও গ্রাহক ঠিকানার পরিবর্তন করতে পারবেন আবেদনের ভিত্তিতে। প্রসঙ্গত, কোনও ব্যক্তি, স্বনির্ভর গোষ্ঠী, এনজিও বা অন্যকোনও সংস্থাকে বিসি হিসেবে নিয়োগ করতে পারে ব্যাঙ্ক। সরাসরি ব্যাঙ্কে না এসে বা ভিডিও কলের মাধ্যমেও কেওয়াইসি জমা দেওয়ার সুযোগ রয়েছে গ্রাহকের। কিন্তু সেক্ষেত্রে বেশ কিছু শর্ত মানতে হবে। আরবিআই জানিয়েছে, নির্দিষ্ট সময় অন্তর কেওয়াইসি জমা করার ব্যাপারে ব্যাঙ্কগুলিকে অন্তত তিনবার মনে করাতে হবে। শেষবার চিঠি দিয়ে জানাতে হবে কেওয়াইসি আপডেট করার কথা।

Advertisement
সম্পর্কিত সংবাদ