দুবাই: পাক বধের রেশ এখনও ভারতীয় শিবিরে। আপাতত বিশ্রামে রয়েছেন ক্রিকেটাররা। রবিবার নিউজিল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে যতটা সম্ভব তরতাজা হয়ে ওঠাই লক্ষ্য রোহিত শর্মা ব্রিগেডের। ওই ম্যাচই ঠিক করবে ‘এ’ গ্রুপের একনম্বর দল কারা হবে। তবে টিম ইন্ডিয়া চাইছে রিজার্ভ বেঞ্চকে দেখে নিতে। কিউয়িদের বিরুদ্ধে মহম্মদ সামিকে বিশ্রাম দেওয়ার ভাবনা রয়েছে শিবিরে। এমনিতেও পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের শুরুতে অস্বস্তিতে পড়েছিলেন তিনি। সেমি-ফাইনালে তাঁকে সেরা ছন্দে পাওয়াই অগ্রাধিকার পাচ্ছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাই সামির জায়গায় খেলানো হতে পারে অর্শদীপ সিংকে। বাঁ-হাতি পেসারের সেক্ষেত্রে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অভিষেক হবে। তবে ‘মিস্ট্রি স্পিনার’ বরুণ চক্রবর্তীর খেলার সম্ভাবনা কম। পাকিস্তানের বিরুদ্ধে সদ্য তিন উইকেট নিয়েছেন কুলদীপ যাদব। তাঁকে বসানো বা বিশ্রাম দেওয়ার কথা তাই ভাবা হচ্ছে না। ওয়াশিংটন সুন্দরেরও এগারোয় আসার সুযোগ কার্যত নেই। রবীন্দ্র জাদেজা ও অক্ষর প্যাটেল, কেউই ড্রেসিং-রুমে বসার মতো পারফরম্যান্স করেননি। ঋষভ পন্থের খেলার সম্ভাবনাও কম। লোকেশ রাহুল মাত্র একটা ইনিংসই খেলেছেন এখনও পর্যন্ত। বাংলাদেশের বিরুদ্ধে রানও পান তিনি। কিপিংও মন্দ করছেন না। তাই রাহুলকে বসানোর কোনও দরকার নেই। এমনিতেও কোচ গৌতম গম্ভীর জানিয়ে দিয়েছেন যে দলের পয়লা কিপার কেএল’ই।
Advertisement
এদিকে, পাকিস্তানকে ভারত যেভাবে দাপটে হারিয়েছে তাতে এই ম্যাচের আকর্ষণই নষ্ট হতে চলেছে বলে মনে করছেন অনেকে। ইদানিং ভারত-পাক ম্যাচ মানেই রোহিত শর্মাদের আধিপত্য দেখা গিয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও সেই চিত্রনাট্য বদলায়নি। বিদায়ও নিয়েছে আয়োজক দেশ। এই পরিস্থিতিতে পাকিস্তানের কড়া সমালোচনায় মুখর সুনীল গাভাসকর। তাঁর কথায়, ‘পাকিস্তানের এমন দুর্দশা সত্যিই হতাশজনক। রোহিতদের হারানো তো দূরের কথা, ভারতের বি-টিমের কাছেই সমস্যায় পড়বে এই দল। সি-টিমকে হয়তো হারাতে পারে। তবে সে ব্যাপারেও নিশ্চিত নই।’
একটা সময় ভারত-পাক ম্যাচ মানেই হাড্ডাহাড্ডি লড়াই হতো। কিন্তু ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির পর পাক-ব্রিগেডের পারফরম্যান্স গ্রাফ ক্রমশ নেমেছে। শেষ ওডিআই এবং টি-২০ বিশ্বকাপেও ছবি বদলায়নি। সানি বলেন, ‘পাকিস্তানের রিজার্ভ বেঞ্চের অবস্থা দেখে রীতিমতো হতাশ। একটা সময় এই দলে প্রতিভার ছাড়াছড়ি ছিল। চাপের মুহূর্তে সেরাটা মেলে ধরার চেষ্টা করত। ইনজামাম-উল-হকের কথাই ধরা যাক। খুবই প্রতিভাবান। কঠিন সময়ে সেরাটা উজাড় করে দিতে পারত।’ পাকিস্তানের ক্রিকেটের দুরাবস্থা নিয়ে কিংবদন্তি ওপেনারের বিশ্লেষণ, ‘সাদা বলের ক্রিকেটে ভারতের পারফরম্যান্স খুবই উজ্জ্বল। তার অন্যতম কারণ আইপিএল থেকে নতুন প্রতিভা উঠে আসা। পাকিস্তানে পিএসএল চললেও, সেখান থেকে ক’জন ক্রিকেটার উঠেছে? বিষয়টি নিয়ে পাকিস্তান বোর্ডের চিন্তাভাবনা করা উচিত।’