Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

রবিবার ঘন কুয়াশার পূর্বাভাস, আজ হাল্কা বৃষ্টি

রবিবার ঘন কুয়াশার পূর্বাভাস, আজ হাল্কা বৃষ্টি
  • ২১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ, শনিবার সন্ধ্যা পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। কাল, রবিবার সকালে কলকাতা সহ সংলগ্ন কয়েকটি জেলায় ঘন কুয়াশার বিশেষ সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। কলকাতা, হাওড়া, হুগলি ও দুই ২৪ পরগনা জেলায় দৃশ্যমানতা ১৯৯ থেকে ৫০ মিটারে নেমে আসতে পারে বলে জানানো হয়েছে। শনিবার কলকাতা সহ সংলগ্ন এলাকায় আকাশ মেঘলা থাকবে। উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, দুই দিনাজপুর ও মালদহ জেলায় আজ ঘন কুয়াশার সতর্কবার্তা দেওয়া হয়েছে। দার্জিলিং ও কালিম্পং আজ বৃষ্টি ও উঁচু এলাকায় তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা এইচ আর বিশ্বাস জানিয়েছেন, পুবালি বাতাসের জন্য প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বায়ুমণ্ডলে ঢুকেছে। রবিবার তাপমাত্রা কিছুটা কমে যাওয়ার পর জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ঘন কুয়াশার অনুকূল পরিস্থিতি তৈরি করবে কলকাতা ও সংলগ্ন এলাকায় । আজ কলকাতা ছাড়াও হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার কোথাও কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলার কোথাও কোথাও ছিটেফোঁটা বৃষ্টি হয়। 
Advertisement
দক্ষিণ বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার পরোক্ষ প্রভাবে দক্ষিণবঙ্গের বায়ুমণ্ডলে পুবালি বাতাসের সঙ্গে অতিরিক্ত পরিমাণে জলীয় বাষ্প ঢুকেছে। পশ্চিম মধ্য  ও সংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপর নিম্নচাপটি শুক্রবার শক্তি বৃদ্ধি করে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি উত্তর-উত্তর পূর্ব অভিমুখে অগ্রসর হবে। তবে গভীর নিম্নচাপটি আর শক্তিশালী না হয়ে সমুদ্রের উপর দুর্বল হয়ে পড়বে বলেই আবহাওয়াবিদদের ধারণা। একদিকে পুবালি বাতাস উষ্ণ জলীয় বাষ্প সমুদ্র থেকে নিয়ে আসছে। অন্যদিকে শুষ্ক ও শীতল উত্তুরে হাওয়া কিছুটা হলেও ঢুকছে। দুই ধরনের বাতাস মিশে গিয়ে বৃষ্টির মেঘ তৈরি করছে। শনিবারের পর উত্তুরে হাওয়া ফের সক্রিয় হওয়ার কারণে দক্ষিণবঙ্গে তাপমাত্রা ফের কমতে শুরু করবে। শুক্রবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৯ ডিগ্রি সেলসিয়াস। আজ তা আরও বেড়ে ১৮ ডিগ্রির আশপাশে আসতে পারে। তবে মেঘলা আকাশের জন্য  সর্বোচ্চ তাপমাত্রা কমে ২৪ ডিগ্রির আশপাশে হতে পারে। শুক্রবার  শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি। এদিন রাত সাড়ে ১১টা থেকে হাওড়া, কলকাতা ও দুই ২৪ পরগনার বেশকিছু অংশে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। 
 
সম্পর্কিত সংবাদ