Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ভাইপো পার্থ’র প্রচারে যাওয়া নিয়ে সংশয়ে ‘অভিমানী’ রবি

কোচবিহার জেলাজুড়ে যখন বিভিন্ন রাজনৈতিক দলের প্রচারের ঢক্কানিনাদ চলছে, তখন কার্যত গৃহবন্দি হয়ে রয়েছেন বর্ষীয়ান তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষ।

ভাইপো পার্থ’র প্রচারে যাওয়া নিয়ে সংশয়ে ‘অভিমানী’ রবি
  • ২১ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সুকান্ত গঙ্গোপাধ্যায়, কোচবিহার: কোচবিহার জেলাজুড়ে যখন বিভিন্ন রাজনৈতিক দলের প্রচারের ঢক্কানিনাদ চলছে, তখন কার্যত গৃহবন্দি হয়ে রয়েছেন বর্ষীয়ান তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষ। এবারের বিধানসভা নির্বাচনে দল তাঁকে নাটাবাড়ি কেন্দ্রে টিকিট দেয়নি। আর টিকিট না পাওয়ায় তিনিও কার্যত মুষড়ে পড়েছেন। ঠিক এই আবহেই নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রে এবারের তৃণমূলের প্রার্থী শৈলেন বর্মা নিজে এসে রবিবাবুর সঙ্গে দেখা করে গিয়েছেন। শৈলেনবাবু অবশ্য বলেন, এটা সৌজন্য সাক্ষাৎ ও রবিবাবুর মতো বর্ষীয়ান নেতার কাছ থেকে আশীর্বাদ প্রার্থনা। রবিবাবুও সেকথা স্বীকার করে নিয়েছেন। কিন্তু শৈলেনবাবুর হয়ে তিনি প্রচারে নামবেন কি না, সেই বিষয়ে দুই নেতার কেউই কিছু স্পষ্ট করেননি। 

Advertisement

এদিকে, জেলা রাজনীতিতে কাকা-ভাইপো বলে পরিচিত রবীন্দ্রনাথ ঘোষ ও পার্থপ্রতিম রায়। কাকা রবিবাবু টিকিট না পেলেও, পার্থবাবু কোচবিহার উত্তর বিধানসভা থেকে দলের টিকিট পেয়ে প্রচারের ময়দানে জোরকদমে নেমে পড়েছেন। কিন্তু ভাইপোর হয়ে কাকা রবীন্দ্রনাথ ঘোষ কি প্রচারে নামবেন? সেই প্রশ্নের এখনো কোনো জবাব মেলেনি। রবিবাবুও এখনো সেই কথা স্পষ্ট করেননি। ফলে এবার কোচবিহারের বিধানসভা নির্বাচন হয়তো রবীন্দ্রনাথ ঘোষকে বাদ দিয়েই হতে চলেছে। তবে অনেকে আবার মনে করছেন শীর্ষ নেতৃত্ব হস্তক্ষেপ করলে হয়তো রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়ের মতো রবিবাবুরও মানভঞ্জন হতে পারে। 
নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শৈলেন বর্মা বলেন, রবিবাবু বর্ষীয়ান নেতা। তিনি আমার দাদার মতো। আমরা এক সঙ্গে দীর্ঘদিন বাম বিরোধী রাজনীতি করেছি। তাই রবিবাবুর বাড়ি গিয়ে তাঁর আশীর্বাদ নিয়েছি। তিনি আশীর্বাদ করেছেন। প্রচারে আসার অনুরোধ করেছি। আশা করি তিনি প্রচারে আসবেন। 
রবীন্দ্রনাথ ঘোষ বলেন, শৈলেন বাড়িতে এসেছিলেন। আমি আশীর্বাদ করেছি। মন ভালো নেই। তাই পরিবারের লোকেদের সঙ্গেই সময় কাটাচ্ছি। নাতনির সঙ্গে সময় কাটাচ্ছি। প্রচারে যাব বলে এখনো ভাবিনি। কী করব সেটা পরে ঠিক করব।

Advertisement
সম্পর্কিত সংবাদ