মহিলাকে হুমকির অভিযোগ রেশন ডিলারের, গ্রেপ্তারির দাবি
  • ১৯ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বোলপুর: খাদ্যমন্ত্রীর কাছে রেশন দুর্নীতির অভিযোগ জানিয়ে ডিলারকে সাসপেন্ড করিয়েছিলেন। আর তার একদিনের মধ্যেই সেই অভিযোগকারী মহিলাকে হুমকি দেওয়ার অভিযোগ উঠল অভিযুক্ত রেশন ডিলার ও তার লোকজনের বিরুদ্ধে। বুধবার সকালে শান্তিনিকেতন থানার বল্লভপুরডাঙায় ওই মহিলার বাড়ি গিয়ে তাঁকে সাবধানে থাকার হুঁশিয়ারি দেওয়া হয় বলে অভিযোগ। এমনকি তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের গ্রেপ্তার করানোর ভয়ও দেখানো হয়েছে বলে দাবি। এই ঘটনায় পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন মণি সরেন। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত রেশন  ডিলার দেবাশিস গোস্বামী। তাকে খুঁজছে পুলিশ।

Advertisement

মঙ্গলবার শান্তিনিকেতনের বল্লভপুরডাঙা গ্রামে রেশন বণ্টন ব্যবস্থা খতিয়ে দেখতে যান রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া। গ্রামবাসীদের সঙ্গে কথা বলার সময় রেশন ডিলার দেবাশিস গোস্বামীর বিরুদ্ধে একাধিক অভিযোগ ওঠে। রেশন সামগ্রী কম দেওয়া এবং গ্রাহকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ জানান স্থানীয় বাসিন্দা মণি সরেন। তাঁর অভিযোগ শোনার পর মন্ত্রী তাঁকে নিজের গাড়িতে নিয়ে সরাসরি ডিলারের বাড়ি যান। সেখানে রেশন বণ্টন নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি। এর পরেই দেবাশিসের লাইসেন্স বাতিল এবং তাকে সাসপেন্ড করার নির্দেশ দেন খাদ্যমন্ত্রী। প্রয়োজনে তাকে পুলিশের হাতে গ্রেপ্তার করানোর হুঁশিয়ারিও দেন। যদিও তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছিলেন দেবাশিস। খুদের দাবি ছিল, প্রত্যেক গ্রাহককে সমান পরিমাণ রেশন সামগ্রী দেওয়া হোক। অভিযোগগুলি খতিয়ে দেখে তদন্তের আশ্বাস দিয়েছিল মহকুমা প্রশাসন। 
এরপরেই বুধবার সকালে হুমকি দেওয়ার ঘটনা ঘটে বলে অভিযোগ। মণি সরেন বলেন, মন্ত্রীর কাছে অভিযোগ জানানোর পর বুধবার সকালে রেশন ডিলার ও তার কয়েকজন লোক বাড়িতে এসে আমাকে সাবধানে থাকতে বলেন। তারা বলেন, আমার যা ক্ষতি হওয়ার হয়ে গিয়েছে। এমনকি পুলিশ আমাকে ও আমার পরিবারের সদস্যদের গ্রেপ্তার করতে পারে বলেও ভয় দেখান। এদিকে, সংবাদমাধ্যমের কাছে হুমকির অভিযোগ জানানোর পর থেকেই অভিযুক্ত রেশন ডিলারের খোঁজ মিলছে না। তার ফোনও সুইচড অফ ছিল।  বুধবার তার বাড়ি গিয়েও দেখা মেলেনি। দেবাশিসের স্ত্রী জানান, তিনি বাড়ি নেই। কোথায় গিয়েছেন, তা তাঁর জানা নেই। শান্তিনিকেতন থানার পুলিশ জানিয়েছে, এই ঘটনায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্ত রেশন ডিলার পলাতক। তার খোঁজে তল্লাশি চলছে।