সুকমল দালাল, বোলপুর: পুলিশকর্মীকে গুলি করার ঘটনায় মূল অভিযুক্ত তথা এনকাউন্টারে নিহত রতন শেখের দুই সঙ্গী রমেশ লোহার ও নূর হোসেন শেখকে গ্রেপ্তার করল পুলিশ। রবিবার রাতে তাদের ধরা হয়। সোমবার তাদের বোলপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক ১১দিন পুলিশি হেপাজতের নির্দেশ দেন। জেলার পুলিশ সুপার বিদিত রাজ ভুন্দেশ জানান, রমেশের বিরুদ্ধে চুরি, ডাকাতি ও আগ্নেয়াস্ত্র সহ বিভিন্ন অপরাধে ১৮টি মামলা রয়েছে। নূরের বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে।
সোমবার শান্তিনিকেতনে সাংবাদিক বৈঠকে পুলিশ সুপার জানান, রতনকে জিজ্ঞাসাবাদ করে রমেশ ও নূরের নাম জানা যায়। গত শুক্রবার বোলপুর মহকুমা সংশোধনাগার থেকে বেরনোর সময় তিনজন একসঙ্গে ছিল। পরে তারা পার্টি করে। পুলিশের কাছে খবর আসে, তারা ফের অপরাধের পরিকল্পনা করে। সেই সূত্রে অভিযানে যান শান্তিনিকেতন থানার এক এএসআই ও এক কনস্টেবল। পুলিশের দাবি, সেইসময় রতন ও রমেশ একদিকে পালানোর চেষ্টা করে। নূর অন্যদিকে চলে যায়। তখনই শান্তিনিকেতনের লায়েকবাজার এলাকায় অভিযানে রতনের গুলিতে জখম হন কনস্টেবল বিশ্বজিৎ দাস। তিনি বর্তমানে এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ধৃতদের বিরুদ্ধে শান্তিনিকেতন ও নানুর থানায় পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা করেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রমেশের আদি বাড়ি বিহারে। ছোটবেলা থেকে সে শান্তিনিকেতন থানার সিয়ান সংলগ্ন ডাঙাপাড়ায় মামার বাড়িতে থাকত। চুরির অভ্যাসের কারণে সাত-আট বছর আগে তাকে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হয় বলে দাবি পরিবারের। সোমবার রমেশের দিদিমা ভাদু লোহার বলেন, গ্রামের বিভিন্নজনের বাড়িতে চুরি করত, নেশা করত। তাই সাত-আট বছর আগে এখান থেকে ওকে তাড়িয়ে দেওয়া হয়েছে। মানুষ করার জন্য নিয়ে এসেছিলাম, কিন্তু এসব অপরাধ করত। ও কোনো অন্যায় করলে শাস্তি পাবে। প্রতিবেশী ভগীরথ লোহার বলেন, অনেক বছর আগে এখানে হাঁস, সোনা, রুপো, সাইকেল চুরি করত। গ্রামবাসীরা বুঝিয়েও পারেনি। কয়েকজন মারধরও করেছিল একসময়। তারপর থেকে মামার বাড়িতে থাকত না।
নূরের বাড়ি লাভপুরের দ্বারকা অঞ্চলের পাঁচপাড়া গ্রামে। সোমবার বাড়িতে গিয়ে স্ত্রী ও সন্তানদের দেখা মেলেনি। প্রতিবেশীরা জানান, তাঁরা বোলপুর আদালতে গিয়েছেন। বাড়িতে ছিলেন নূরের মা ফুলটুসি বিবি। ছেলের গ্রেপ্তারি কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। তাঁর দাবি, ছেলে ছোট থেকে অন্যের বাড়িতে কাজ করে মানুষ হয়েছে। ছেলে কোনো অপরাধ করে থাকলে তার জেল হোক, জরিমানা হোক। কিন্তু সবাই বলছে, ধরে নিয়ে গিয়ে পুলিশ গুলি করছে, আমার ছেলের যেন তেমন কিছু না হয়। স্থানীয় বিজেপি কর্মী অরিত্র অধিকারী বলেন, এই ধরনের দুষ্কৃতীদের জন্য এলাকায় অপরাধ বাড়ছে। রতন শেখকে এনকাউন্টার করে পুলিশ ঠিক করেছে। বাকিদের ক্ষেত্রেও অপরাধ প্রমাণিত হলে পুলিশ আইনি ব্যবস্থা নেবে।
রতন, রমেশ ও নূর তিনজনের বিরুদ্ধে পুলিশের খাতায় একাধিক মামলা রয়েছে। তিনজনই আগে জেল খেটেছে। নেশার সূত্রে, নাকি জেলেই তাদের পরিচয় ও ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল তা খতিয়ে দেখছেন পুলিশ। পাশাপাশি রমেশের আদি বাড়ি বিহারে হওয়ায় সেখান থেকে আগ্নেয়াস্ত্র আনা হয়েছে কি না, তাও তদন্তের আওতায় রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।



