নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাত পোহালেই মেগা ম্যাচ। কিশোর ভারতী স্টেডিয়ামে মিগুয়েলদের সামনে ইন্টার কাশী। খেতাব জয়ের আশায় ছটফট করছেন ইস্ট বেঙ্গল সমর্থকরা। শহর জুড়ে তীব্র উন্মাদনা। অথচ দু’দিন আগেও টিকিট বিক্রি নিয়ে দেখা গেল চূড়ান্ত বিশৃঙ্খলা। এই ম্যাচের আয়োজক ইন্টার কাশী। অনলাইনে টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে কাশী ম্যানেজমেন্ট। প্রথমে ঠিক ছিল ন্যূনতম ১ হাজার টাকায় মিলবে টিকিট। কিন্তু সাধারণ দর্শকদের পক্ষে এত টাকা খরচ করে টিকিট কাটা সমস্যার। ফলে তীব্র ক্ষোভ দানা বাঁধে। ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টও বিস্মিত। বাধ্য হয়ে কিছুটা পিছু হাঁটতে ব্যধ্য হয় ইন্টার কাশী ম্যানেজমেন্ট। সর্বনিম্ন ৪৯৯ টাকা দাম রাখা হয়েছে। পরের ধাপে টিকিটের মূল্য যথাক্রমে ৯৯৯ ও ১৫০০ টাকা। মঙ্গলবার সন্ধ্যা সাতটায় টিকিট বিক্রি শুরুর কথা ছিল। কিন্তু নির্দিষ্ট সময়ের প্রায় আড়াই ঘণ্টা পর অনলাইনে মেলে টিকিট। তিতিবিরক্ত ফুটবলপ্রেমীরা সোশ্যাল সাইটে ক্ষোভ উগরে দেন। সবমিলিয়ে ভোগান্তির একশেষ। এরপর অনলাইন টিকিট সংগ্রহের পালা তো রয়েইছে। এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে এই ধরণের অপেশাদারিত্ব কখনোই কাম্য নয়। অভিজ্ঞ মহলের ধরণা, হাই-ভোল্টেজ ম্যাচ আয়োজনের কোনো অভিজ্ঞতা নেই ইন্টার কাশীর। তাই প্রতি মুহূর্তে ল্যাজেগোবরে হচ্ছে তারা।
প্রথমবার আইএসলে জয়ের স্বপ্নে বিভোর ইস্ট বেঙ্গল। বৃহস্পতিবার ইন্টার কাশীকে হারতেই হবে। তবে না আঁচালে বিশ্বাস নেই। তাই আশা, আশঙ্কায় দুলছে মশালবাহিনী। মঙ্গলবার যুবভারতীতে শেষ মুহূর্তের প্রস্তুতি সারলেন অস্কার ব্রুজোঁ। দলকে উৎসাহিত করতে এদিন ক্রাচ হাতেই হাজির সাউল ক্রেসপো। চোটের কারণে আগেই ছিটকে গিয়েছেন স্প্যানিশ ফুটবলার। সতীর্থদের কাছে ট্রফি জয়ের আবদার জানান তিনি। বেশ কিছু উৎসাহী সমর্থকও তাতিয়ে গেলেন মিগুয়েলদের। রবিবার প্রবল আর্দ্রতায় বিপিন সিংয়ের শরীর জলশূন্য হয়ে যায়। হাসপাতালে নিয়ে যেতে হয় তাঁকে। এদিন রিকভারি সেশনে অবশ্য চনমনে ছিলেন তিনি। ইন্টার কাশীর বিরুদ্ধে তাঁকে প্রথম এগারোয় খেলানো নিয়ে কিছুটা দ্বিধায় অস্কার। বুধবার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এই ধরনের ম্যাচে শুরুতে গোল তুলে নিতে পারলে দলের উপর চাপ কমবে। আপফ্রন্টে ইস্ট বেঙ্গলের সেরা অস্ত্র মিগুয়েল। কিশোর ভারতীর অপেক্ষাকৃত ছোটো মাঠে ব্রাজিলিয়ান ফুটবলারের অগ্নিপরীক্ষা। মিগুয়েলের বাঁ পা কথা বললে অস্কারের চিন্তার ভাঁজ কমবে। সেক্ষেত্রে সোয়বার্গের বদলে ইউসেফকে শুরুতে নামানোর দাবি ক্রমশ মাথাচাড়া দিচ্ছে। তবে অস্কার ব্রুজোঁর পরিকল্পনার আঁচ পাওয়া দুষ্কর। পাশাপাশি ডার্বিতে লাল কার্ড দেখেছিলেন এডমুন্ড লালরিনডিকা। তাঁর শাস্তি মকুবের জন্য ইতিমধ্যেই আবেদন করেছে লাল-হলুদ থিঙ্কট্যাঙ্ক। কিন্তু মঙ্গলবার রাত পর্যন্ত কোনো জবাব দেয়নি সর্বভারতীয় ফুটবল সংস্থা।