নিউকাসল ইউনাইটেড-১ : বার্সেলোনা-২
ম্যান সিটি-২ : নাপোলি-০
নিউকাসল ইউনাইটেড-১ : বার্সেলোনা-২
ম্যান সিটি-২ : নাপোলি-০
নিউকাসল: ইংল্যান্ডেই জন্ম, বড় হওয়া। তবে ইংলিশ প্রিমিয়ার লিগে ছেড়ে মার্কাস র্যাশফোর্ডের ঠিকানা এখন বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে দেশে ফেরাটা স্মরণীয় করে রাখলেন তারকা ফুটবলরা। র্যাশফোর্ডের জোড়া গোলেই বৃহস্পতিবার রাতে নিউকাসলকে বশ মানিয়েছে বার্সেলোনা। ইংলিশ ক্লাবটির একমাত্র গোলদাতা অ্যান্টনি গর্ডন।
দেশের হয়ে খেলতে গিয়ে চোট পেয়েছেন লামিনে ইয়ামাল। বিস্ময় বালকের অনুপস্থিতিতে অ্যাওয়ে ম্যাচে মার্কাস র্যাশফোর্ডের উপর আস্থা রেখেছিলেন কাতালন ক্লাবটির কোচ হ্যান্স ফ্লিক। আর তার মর্যাদা দিতেও ভুল হল না ইংলিশ ফরোয়ার্ডের। অবশ্য ম্যাচের প্রথমার্ধে স্কোরলাইন গোলশূন্যই ছিল। প্রতি-আক্রমণে নিউকাসলের গর্ডন, বার্নসরা একাধিকবার বার্সার রক্ষণে ভয় ধরিয়ে দিয়েছিলেন। অন্যদিকে, ফ্লিক-ব্রিগেডের বেশিরভাগ আক্রমণ প্রতিপক্ষ বক্সের সামনে খেই হারিয়ে ফেলছিল। তবে চেনা পরিবেশে দ্বিতীয়ার্ধে ৫৮ থেকে ৬৭— ৯মিনিটের ঝড়ে ম্যাচের চিত্র বদলে দিলেন র্যাশফোর্ড। ডানদিক থেকে কৌন্দের ভাসানো ক্রসে মাথার বিষাক্ত ছোবলে দলকে লিড এনে দেন তরুণ ফরোয়ার্ড (১-০)। আর ৬৭ মিনিটে বক্সের বাইরে প্রতিপক্ষের দুই ডিফেন্ডারকে কাটিয়ে তাঁর ডান পায়ের গোলা প্রতিপক্ষের জালে আছড়ে পড়তেই বার্সা ডাগ-আউটে উত্সব শুরু (২-০)। নির্ধারিত সময়ের শেষ মিনিটে অবশ্য নিউকাসলের ব্যবধান কমান গর্ডন (২-১)।
চ্যাম্পিয়ন্স লিগের অন্য ম্যাচে এতিহাদ স্টেডিয়ামে নাপোলিকে ২-০ ব্যবধানে হারাল ম্যাঞ্চেস্টার সিটি। জয়ী দলের দুই গোলদাতা আর্লিং হালান্ড ও জেরেমি ডোকু। তবে বৃহস্পতিবার এই ম্যাচে আকর্ষণের কেন্দ্রে ছিলেন কেভিন ডি’ব্রুইন। চলতি মরশুমেই তিনি নীল ম্যাঞ্চেস্টার ছেড়ে নাপোলিতে নাম লিখিয়েছেন। তবে পুরনো ক্লাবের বিরুদ্ধে প্রথম সাক্ষাত্ স্মরণীয় করতে ব্যর্থ বেলজিয়ামের তারকা মিডিও। ২১ মিনিটে বক্সের ঠিক আগে আর্লিং হালান্ডকে ফাউল করে লাল কার্ড দেখেন ডি লরেঞ্জো। এরপর কৌশলগত কারণে ডি’ব্রুইনকে তুলে নেন নাপোলির কোচ কন্তে। মাঠ ছাড়ার সময় এতিহাদের সমর্থকরা উঠে দাঁড়িয়ে সম্মান জানান ডি’ব্রুইনকে। আর বাকি সময়ে আনুপাতিক সংখ্যাগরিষ্ঠতা কাজে লাগাতে ভুল হয়নি সিটিজেনদের। ৫৬ মিনিটে ফিল ফোডেনের লব ধরে হেডে দলকে লিড এনে দেন হালান্ড (১-০)। তার ৯ মিনিটর পর একক নৈপুণ্যে জাল কাঁপিয়ে জয় নিশ্চিত করেন ডোকু (২-০)।
চ্যাম্পিয়ন্স লিগের অপর ম্যাচে গালাতাসারেকে ৫-১ ব্যবধানে হারিয়ে ফ্রাঙ্কফার্ট। কাইরাতের বিরুদ্ধে ৪-১ জয় তুলে নিয়েছে স্পোর্টিং লিসবন।