Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বিশেষভাবে সক্ষম যুবতীকে ধর্ষণ, ১০ বছরের কারাদণ্ড

এক বিশেষভাবে সক্ষম যুবতীকে লাগাতার ধর্ষণ করা হয়েছে। এমন অভিযোগে দোষীকে ১০ বছর সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল বারাসত আদালত।

বিশেষভাবে সক্ষম যুবতীকে ধর্ষণ, ১০ বছরের কারাদণ্ড
  • ৩ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: এক বিশেষভাবে সক্ষম যুবতীকে লাগাতার ধর্ষণ করা হয়েছে। এমন অভিযোগে দোষীকে ১০ বছর সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল বারাসত আদালত। জানা গিয়েছে, সাজা প্রাপকের নাম মোশারফ হোসেন ওরফে মুসা (৩৯)। বাড়ি দত্তপুকুর থানা এলাকায়। মঙ্গলবার তৃতীয় ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক শুভঙ্কর বিশ্বাস এই সাজা ঘোষণা করেন। জানা গিয়েছে, ওই বিশেষভাবে সক্ষম যুবতীকে মোশারফ চিনতেন। অভিযোগ, সেই সুযোগে ২০২১ সালের শুরু থেকে নানা সময়ে খাবারের প্রলোভন দেখিয়ে যুবতীকে নির্জন এলাকায় নিয়ে গিয়ে মোশারফ একাধিকবার ধর্ষণ করেন। বিষয়টি কাউকে না বলার জন্য ধারালো অস্ত্র দেখিয়ে তাঁকে হুমকিও দেন। যদিও পরে বিষয়টি জানতে পারে পরিবার। কারণ, তখন যুবতী সাতমাসের গর্ভবতী। সেই বছরের ৭ আগস্ট দত্তপুকুর থানায় অভিযোগ দায়ের হলে গ্রেপ্তার হয় অভিযুক্ত। মামলায় মোট ২০ জনের সাক্ষ্য ও নানা প্রমাণের ভিত্তিতে সোমবার মোশারফকে দোষী সাব্যস্ত করে আদালত। এদিন সাজা ঘোষণা হয়। মামলার সরকারি আইনজীবী শিবশঙ্কর দাস বলেন, চার বছর মামলা চলার পর দোষীর ১০ বছর সশ্রম কারাদণ্ড হয়েছে। পাশাপাশি এক লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ হয়েছে। একইসঙ্গে নির্যাতিতাকে তিন লক্ষ টাকা দিতে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছেন বিচারক।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ