সংবাদদাতা, বসিরহাট: নাবালিকা ধর্ষণের ঘটনায় অভিযুক্তকে না পেয়ে পরিবারের সদস্যদের হামলা, দোকানে তালা, ঘরে ঢুকে ভাঙচুরের অভিযোগ উঠল এক নেতা ও তাঁর সাঙ্গোপাঙ্গদের বিরুদ্ধে। সেই হামলার দৃশ্য বন্দি হয়েছে সিসি ক্যামেরায়। যদিও ওই নেতা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, নিজেরাই ঘটনা ঘটিয়ে দোষ দিচ্ছে আমাদের। আতঙ্কিত পরিবার এলাকা ছাড়া। তাঁরা পুলিসের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন। ঘটনাটি বাদুড়িয়া থানার বাগজোলার।
স্থানীয় সূত্রে খবর, আশিক ইকবালের বিরুদ্ধে পকসো ধারায় মামলা হয়েছে। ঘটনায় পর থেকে আশিক এলাকা ছাড়া। পুলিস তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে। এই বিষয়ে পরিবারের অন্য সদস্যরা বলেন, আশিক তার পরিবার নিয়ে আলাদা থাকে। ব্যবসাও আলাদা। কিন্তু ঘটনার পর থেকে আশিককে না পেয়ে তাঁর পরিবারের সদস্যদের শাসানি, হুমকি দিচ্ছিল ওই প্রভাবশালী নেতা। সোমবার আচমকা অভিযোগকারী প্রভাবশালী নেতা সাঙ্গোপাঙ্গদের নিয়ে তাঁদের ব্যবসায়িক প্রতিষ্ঠানের উপর হামলা চালায় এবং কর্মচারীদের মারধর করে দোকানে তালা দিয়ে চলে যায়। আর এক ভাইয়ের বাড়ি ঢুকে হামলা চালায়। দুই মহিলাকে শারীরিক হেনস্তা করে এবং ঘরের মধ্যে ঢুকে জিনিস পত্র ভাঙচুর করে বলে অভিযোগ। বাদুড়িয়া থানার সাহায্য চাইলে পুলিস কোনওরকম সাহায্য করেনি বলে অভিযোগ। পরিবারের সদস্যরা আতঙ্কে বিভিন্ন প্রশাসনিক দপ্তরে মেইল করে অভিযোগ জানান। হেনস্তার শিকার পরিবারের সদস্যরা বলেন, আশিক যদি দোষ করে থাকে, সে সাজা পাক। আইন আইনের পথে চলুক। কিন্তু যেভাবে তাঁদের উপর হামলা, অত্যাচার করছে তাতে তাঁরা আতঙ্কিত। সঠিক বিচারের আশায় পরিবার।