বেঙ্গালুরু: চোখ ফোলা ও কালশিটে দাগ। দিনকয়েক আগে সোনা পাচার কাণ্ডে ধৃত কন্নড় অভিনেত্রী রন্যা রাওয়ের এমনই এক ছবি সামনে এসেছিল। এবার জেলে তাঁর উপর অত্যাচারের দাবিতে সরব হলেন রন্যা। অভিনেত্রীর অভিযোগ, মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে তাঁকে। ডিআরআইয়ের হেফাজতে তাঁকে খেতে দেওয়া হচ্ছে না। ঘুমোতেও দেওয়া হচ্ছে না। ভয় দেখিয়ে চড় মেরে তাঁকে সাদা কাগজে সই করতে বাধ্য করা হয়েছে। বিমানবন্দর নয়, তাঁকে বিমান থেকেই গ্রেপ্তার করা হয়েছিল। কোনও কথা বলার সুযোগই দেওয়া হয়নি। সম্প্রতি ডিরেক্টরেট অব রেভিনিউ ইন্টেলিজেন্স ( ডিআরআই)-এর এডিজি’রএকটি চিঠিতে এমনই নালিশ করেছেন অভিনেত্রী। শনিবার ওই চিঠি প্রকাশ্যে এসেছে। সেখানেই নিজেকে নির্দোষ হিসেবে দাবি করেছেন রন্যা।



