Bartaman Logo
২৯ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

গোঁসা ভাঙল রঞ্জন সরকারের, আজ আসছেন বোর্ড মিটিংয়ে

চার দিন ধরে চলা নাটকের অবসান। গোঁসা ভাঙল শিলিগুড়ি পুরসভার ডেপুটি মেয়র রঞ্জন সরকার ওরফে রানার

গোঁসা ভাঙল রঞ্জন সরকারের, আজ আসছেন বোর্ড মিটিংয়ে
  • ২৯ মে, ২০২৬ ০৪:০০

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: চার দিন ধরে চলা নাটকের অবসান। গোঁসা ভাঙল শিলিগুড়ি পুরসভার ডেপুটি মেয়র রঞ্জন সরকার ওরফে রানার। আজ, শুক্রবার যোগ দেবেন পুরসভার বোর্ড মিটিংয়ে। তবে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দলের বৈঠক হয়নি। ফলে রাজ্যে পালা বদলের পর প্রথম বোর্ড মিটিংয়ে ‘স্ট্র্যাটেজিহীন’ ভাবে যোগ দেবেন তৃণমূলের কাউন্সিলার ও মেয়র পরিষদ সদস্যরা। এনিয়ে পুরসভার শাসকদল তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি। সমগ্র পরিস্থিতি নিয়ে স্থানীয় রাজনীতিতে শুরু হয়েছে জোর চর্চা। 

Advertisement

গত পুরভোটের পর তৃণমূল কংগ্রেস রানাকে পরিষদীয় দলের দলনেতা করে। এবার বিধানসভা ভোটে রাজ্যে পালা বদলের পর গত সোমবার আচমকা ওই পদ থেকে ইস্তফা দেন তিনি। ফলে মঙ্গলবার পরিষদীয় দলের বৈঠক স্থগিত হয়ে যায়। সেই সঙ্গে পুরভবনে আসা বন্ধ করে দেন ডেপুটি মেয়র। তিনি সংবাদমাধ্যমকে এড়িয়ে চলছিলেন। সাংবাদিকদের ফোনও ধরছিলেন না। অবশেষে বোর্ড মিটিংয়ের ২৪ ঘণ্টা আগে বৃহস্পতিবার নীরবতা ভাঙেন। তিনি বলেন, কয়েকদিন বাইরে ছিলাম। শহরে ফিরেছি। তাই বোর্ড মিটিংয়ে যাব। 
উল্লেখ্য, বুধবার ডেপুটি মেয়রের সঙ্গে ফোনে কথা বলেন মেয়র গৌতম দেব। দলীয় সূত্রের খবর, দলের রাজ্য নেতারাও ডেপুটি মেয়রের সঙ্গে যোগাযোগ করেছিলেন। এবার পুরসভা ও দলে গুরুত্ব বাড়ানোর আশ্বাস দিয়েই তাঁর গোঁসা ভাঙানো হয়েছে বলেই মনে হচ্ছে। মেয়র অবশ্য জানান, সবকিছু ঠিকঠাক রয়েছে। তিনি ডেপুটি মেয়র ইস্যুতে এর বেশি কিছু বলতে চাননি। 
রাজ্যে পালা বদলের পর আজ পুরসভার প্রথম বোর্ড মিটিং। রাজ্যে ক্ষমতায় আসার পর থেকেই পুরসভার বিরোধী দল বিজেপি চনমনে। তারা বেহাল রাস্তা, পানীয় জল, স্বাস্থ্য, বর্জ্য সাফাই সহ নাগরিক পরিষেবার মান নিয়ে সরব হবে। বর্ষায় জল জমার যন্ত্রণা থেকে নাগরিকদের রেহাই দেওয়ার প্রস্তুতি নিয়েও জানতে চাইবে তারা। এই অবস্থায় ডেপুটি মেয়রের গোঁসা ভাঙলেও তৃণমূল শিবির কিছুটা মনমরা হয়ে রয়েছে। বিগত মাসগুলির মত এদিন দুপুর তারা পরিষদীয় দলের বৈঠক করে স্ট্যাটেজি নির্ধারণ করেনি। পুরসভার স্বাস্থ্য বিভাগের মেয়র পারিষদ তৃণমূলের দুলাল দত্ত অবশ্য বলেন, পরিষদীয় দলের বৈঠক বাধ্যতামূলক নয়। বোর্ড মিটিং শুরুর ১০ মিনিট আগেও হতে পারে। তাছাড়া দলের সমস্ত কাউন্সিলার ও মেয়র পারিষদদের সঙ্গে মেয়রের যোগাযোগ রয়েছে।  কাজেই মিটিংয়ে কোনো সমস্যাই হবে না। 
এদিকে, ডেপুটি মেয়র ইস্যুকে নাটক বলে কটাক্ষ করেছে বিজেপি। পুরসভার বিরোধী দলনেতা বিজেপির অমিত জৈন বলেন, বিভিন্ন দিকে ঘোরাঘুরি করেও পাত্তা পাননি। তাই নিজের দলে ফিরে গিয়েছেন। এটা নাটক ছাড়া কিছু নয়। পুরসভার স্বাস্থ্য বিভাগের মেয়র পারিষদ অবশ্য বলেন, আমাদের দলে কোনো সমস্যাই হয়নি। বিজেপি শুধু অপপ্রচার করছে। • ফাইল চিত্র।

সম্পর্কিত সংবাদ