বলিউডের দুই রণবীরের অনুরাগী মহলের মধ্যে দ্বন্দ্ব নতুন নয়। সম্প্রতি ‘ধুরন্ধর’ ছবির স্ক্রিনিং চলাকালীন একটি প্রেক্ষাগৃহে হাতাহাতিও হয়েছিল দু’তরফের। তবে বাস্তবে রণবীর কাপুর ও রণবীর সিং, দু’জনেই ভীষণ ভালো বন্ধু। তার প্রমাণ আরও একবার পেল বলিউড। সম্প্রতি রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর’ ছবির প্রশংসা করেছেন রণবীর কাপুর। তিনি বলেছেন, ‘সাম্প্রতিক সময়ে দেখা আমার সবথেকে পছন্দের ছবি হল ধুরন্ধর। ছবির প্রত্যেক কলাকুশলী নিজের ১০০ শতাংশ দিয়েছেন, তবেই ছবিটি ওই মাত্রায় পৌঁছেছে।’ উল্লেখ্য, রণবীর কাপুরের হাতে বেশ কয়েকটি ছবি রয়েছে। সদ্য তিনি জানিয়েছেন, ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবির মুক্তি পিছিয়েছে। নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ: পার্ট ওয়ান’ মুক্তির পরে মুক্তি পাবে সঞ্জয়লীলা বনশালীর ‘লাভ অ্যান্ড ওয়ার’।



