বাজির দাপট, শহরতলি জুড়ে বহু অগ্নিকাণ্ড
  • ১০ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি ও সংবাদদাতা: কালীপুজোর রাতে ব্যাপক হারে ফাটল শব্দবাজি। বিধি ভেঙে ভোররাত পর্যন্ত চলে আতশবাজির দাপটও। শহরতলি জুড়ে একাধিক জায়গায় বাজির জেরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শব্দবাজি ফাটানোর জেরেও নিয়মভঙ্গকারীদের গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। বনগাঁয় শব্দবাজি বিক্রির অভিযোগে বাবা ও ছেলেকে গ্রেপ্তার করল পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম নির্মল সিং ও কল্যাণ সিং। বনগাঁর বাবুপাড়ার বাসিন্দা তাঁরা। কালীপুজোর রাতে বনগাঁ থানা তাঁদের গ্রেপ্তার করে। শব্দবাজি ফাটানোর অভিযোগে বনগাঁ থানা দশজনকে গ্রেপ্তার করেছে। অন্যদিকে, দাবি মতো ৫ হাজার টাকা না দিতে পারায় ঘরে ঢুকে এক ব্যক্তিকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার ট্যাংরা কলোনিতে। অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের নাম মনোজিৎ বিশ্বাস ও উজ্জ্বল শর্মা।

Advertisement

কালীপুজোর রাতে রকেটের জন্য টিটাগড়ে একটি গোডাউন এবং আটটি বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। বিধ্বংসী আগুনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সেখানে ছটপুজোর সামগ্রী ছিল। সেখানেই প্রথম আগুনটি লাগে। তারপর আগুন ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী বাড়িগুলিতে। দমকলের তিনটি ইঞ্জিন আগুন আয়ত্তে আনে। 
সোমবার ভোরে দত্তপুকুরের একটি কাপড়ের দোকানে আগুন লাগে। পুড়ে ছাই হয়ে যায় দোকান। ভিতরে থাকা কিছু টাকা এবং কাগজপত্রও পুড়ে গিয়েছে বলে দাবি মালিকের। কালীপুজোর রাতে বাজির ফুলকি থেকে হাওড়ার বিভিন্ন এলাকায় পরপর অগ্নিকাণ্ড ঘটেছে। লিলুয়ার পঞ্চাননতলা নতুন বাজারে আগুনে সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায় তিনটি দোকান। দমকলের দুটি ইঞ্জিন প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। শিবপুরের একটি জুটমিলে পাট বোঝাই ট্রাকেও আগুন লাগে। অন্যদিকে, দীপাবলির রাতে সাগরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের জেরে তিনটি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে। রায়দিঘিতেও কাছারি মোড়ে একটি দোকানে আগুন লাগে। তবে দুটি অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর নেই।  লিলুয়ায় নেভানো হচ্ছে আগুন।-নিজস্ব চিত্র