নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দীপাবলির রাত যত গভীর হয়েছে, শব্দের দাপট বেড়েছে পাল্লা দিয়ে। বাড়ির অসুস্থ বৃদ্ধ থেকে দুধের শিশু, অবলা পোষ্য, হাসপাতালের বিছানায় শুয়ে থাকা রোগী, খোলা আকাশের নীচে রোগীর পরিবার বা এসি চালিয়ে ঘুমোতে যাওয়া সম্পন্ন গৃহস্থ—শব্দদানবের হাত থেকে রেহাই পায়নি কেউ। অভিযোগ, পুলিশকে জানিয়ে কোনো লাভ হয়নি। অগত্যা সাধারণ মানুষ ক্ষোভ, উদ্বেগ উগরে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। শব্দবাজির দাপটে রাতে ঘুমোতে পারেননি সোনারপুর দক্ষিণের বিজেপি বিধায়ক রূপা গঙ্গোপাধ্যায়ও! সমস্যার কথা প্রশাসনের নজরে আনতে তিনিও বেছে নিয়েছিলেন সমাজ মাধ্যমকে। তবে কোনো এক অজ্ঞাত কারণে কয়েক ঘণ্টার মধ্যে তিনি সেই পোস্ট সরিয়েও নেন। বিনিদ্র রজনী কেটেছে রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পালের। তবে বাজির শব্দে জেরবার হয়ে নয়, দেদার শব্দবাজি আটকাতে রাতভর তাঁকে টহল দিতে দেখা যায় দক্ষিণ কলকাতার বিভিন্ন রাস্তায়। সোমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে শব্দবাজি নিয়ন্ত্রণে রাজ্য প্রশাসন সমস্ত ব্যবস্থা নিয়েছে। আমার মনে হয়েছে, অনেকটাই নিয়ন্ত্রণ করা গিয়েছে।’ শব্দ ও বায়ুদূষণ সংক্রান্ত অভিযোগের পিছনে কমিউনিস্টদের হাত রয়েছে বলেও মনে করেন তিনি।
কলকাতা পুলিশের হিসাব বলছে, শনিবার ও রবিবার মিলিয়ে শব্দবাজি ফাটানোর অভিযোগ এসেছে ৪৩২টি। ১১টি অভিযোগ এসেছে জোরে মাইক বাজানোর। শব্দবাজি ফাটানোর জন্য রবিবার ২০৫ জন ও অভব্য আচরণের জন্য ৩৮৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার আরও ৬৭ জনকে গ্রেপ্তার করা হয়। দুদিনে প্রায় ২৫২ কেজি অবৈধ বাজি ও ৬ লিটার মদ বাজেয়াপ্ত করা হয়েছে। বিনা হেলমেটে, নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানোসহ অন্যান্য অভিযোগে ৫৯৩টি মামলা করেছে কলকাতা ট্রাফিক পুলিশ।
চিকিৎসার মতো গুরুতর ক্ষেত্রও শব্দদানবের হাত থেকে রেহাই পায়নি! যেমন, সোমবার আর জি কর হাসপাতাল চত্বরে দেখা গেল, যত্রতত্র ছড়িয়ে রয়েছে শব্দবাজির খোল। এনআরএস হাসপাতালে বিকাল থেকেই শব্দবাজির তাণ্ডব টের পাওয়া গিয়েছে। এমনকি, হাসপাতাল চত্বরের মধ্যে হালকা শব্দে মাইক বাজতে শোনা গিয়েছে। হাসপাতাল, বৃদ্ধাশ্রম ও শিক্ষাপ্রতিষ্ঠান এমনিতে ‘সাইলেন্ট জোন’। রবিবার গভীর রাত পর্যন্ত পরিবেশকর্মীদের সংগঠন ‘সবুজ মঞ্চ’র তরফে বিভিন্ন হাসপাতালে টহল দেওয়া হয়। তাদের তরফে পরিবেশকর্মী নব দত্ত বলছিলেন, ‘বি সি রায় হাসপাতাল, বাঙ্গুর, শিশুমঙ্গলে ভয়ংকর অবস্থা। রোগী, রোগীর পরিবার কেউই ঘুমোতে পারছে না। আর জি কর হাসপাতালের ভিতরে বাজি পোড়াচ্ছে। এম আর বাঙ্গুরে গিয়ে যখন দাঁড়িয়ে রয়েছি, দেখছি মাথার উপর দিয়ে একের পর এক রকেট উড়ে যাচ্ছে। পুলিশকে জানানো হলে তারা শুধুই বলেছে, ফোর্স পাঠানো হচ্ছে। কিন্তু কোথায় কী?’ আর জি কর ও পিজি হাসপাতালের প্লাস্টিক সার্জারি বিভাগ সূত্রে খবর, বাজির আগুনে এবং বাড়িতে পুজোর সময় আগুন লেগে প্রায় ১০ জন হয়ে ভরতি হয়েছেন। তাঁদের মধ্যে শিশুও আছে। শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ অপূর্ব ঘোষ রীতিমতো ক্ষোভের সঙ্গে বলেন, ‘দুদিন ধরে যেভাবে বাজি ফাটানো হল, তা কোনো সভ্য দেশে হতে পারে না।’ এদিকে, বেলাগাম আতশবাজি পোড়ানোর ফলে রবিবার রাত থেকেই কলকাতা শহরের বাতাসের দূষণ সূচক (একিউআই) ৬০০ ছাড়িয়ে যায়। যা অত্যন্ত উদ্বেগজনক বলে ধরা হয়। কিন্তু সরকারি তথ্য বলেছে, কলকাতাসহ গোটা রাজ্যের একিউআই এতটাও খারাপ হয়নি!



