সংবাদদাতা, রামপুরহাট: ঝাড়খণ্ড সীমানা লাগোয়া রামপুরহাটের নারায়ণপুর গ্রামে লটারির জাল টিকিটের কারবার চলছে রমরমিয়ে। স্থানীয় সূত্রে অভিযোগ, এলাকার বিভিন্ন প্রান্তে অত্যন্ত গোপনে গড়ে উঠেছে একাধিক জাল টিকিট ছাপানোর কারখানা। শুধু বীরভূম জেলাতেই নয়, এই জাল টিকিট পাচার করা হচ্ছে লাগোয়া ঝাড়খণ্ড রাজ্যেও।
এলাকাবাসীর অভিযোগ, রাজ্যে সরকারের পরিবর্তন হলেও নারায়ণপুরের এই বেআইনি চিত্রের বিন্দুমাত্র বদল ঘটেনি। স্থানীয়দের কথায়, ‘সরকার পরিবর্তন হলেও নারায়ণপুর আছে নারায়ণপুরেই।’ অভিযোগ উঠেছে, এই অবৈধ কারবারের সঙ্গে যুক্ত ব্যক্তিরা একটা সময় দিনমজুরি করত বা বিড়ি বাঁধত। সেই মানুষগুলোই আজ জাল লটারির কালো টাকার দৌলতে রাতারাতি বিত্তশালী হয়ে উঠেছে। পাইকারির পাশাপাশি খুচরো বিক্রেতাদের মাধ্যমে গোটা এলাকায় এই জাল টিকিট ছড়িয়ে দেওয়া হচ্ছে।
ওই কারবারিরা এখন দামি চারচাকা গাড়িতে চড়ে এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে বলে দাবি স্থানীয়দের। শুধু বিলাসবহুল জীবনযাপনই নয়, এই অবৈধ উপায়ে উপার্জিত বিপুল পরিমাণ অর্থ সাদা করতে এবং আরও মুনাফা লুটতে কেউ কেউ এলাকায় অত্যাধুনিক এসি পোলট্রি ফার্মও গড়ে তুলছে। প্রশাসনের নজর এড়িয়ে কীভাবে দিনের পর দিন এই জাল লটারির সাম্রাজ্য চলছে, তা নিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলির পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে তীব্র প্রশ্ন ও ক্ষোভ তৈরি হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক শাসকদলের এক নেতা জানান, এখন রাতারাতি বড়লোক হতে কারবারিদের সঙ্গে হাত মিলিয়েছে তাঁদের দলেরও কেউ কেউ।
সিপিএমের জেলা কমিটির সদস্য সঞ্জীব মল্লিকের অভিযোগ, জাল লটারি টিকিটের কারবারিরা বর্তমানে শাসকদলের ছত্রছায়ায় লালিত পালিত হচ্ছে। এর আগেও নারায়ণপুর থেকে একাধিক জন জাল লটারির টিকিট সহ ধরা পড়ে। আসলে শাসকের রং পাল্টেছে, কিন্তু আইনের শাসন প্রতিষ্ঠা হয়নি।
এদিকে অবিলম্বে এই চক্রের মূল পান্ডাদের বিরুদ্ধে কঠোর পুলিশি অভিযানের দাবি তুলেছেন এলাকাবাসী। যদিও বিজেপির বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি উদয়শংকর বন্দ্যোপাধ্যায় বলেন, কারা কারা এই কারবার চালাচ্ছে নির্দিষ্ট সেই নামের তালিকা দিক এলাকাবাসী। আমরা ব্যবস্থা করছি।
উল্লেখ্য, গত কয়েক মাস ধরেই বীরভূম জেলার বিভিন্ন প্রান্তে জাল লটারি চক্রের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করছে পুলিশ। পাইকর, মুরারই, মল্লারপুর ও রামপুরহাট সহ বিভিন্ন এলাকায় একের পর এক অভিযানে কোটি কোটি টাকার জাল টিকিট ও ছাপাখানার সামগ্রী উদ্ধার হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে এই কারবারের সঙ্গে যুক্ত একাধিক ব্যক্তিকে। এর আগেও নারায়ণপুর গ্রামের মাসদুল ইসলাম নামে এক পাইকারি জাল টিকিট বিক্রেতাকে গ্রেপ্তার করেছিল পুলিশ।
লাগাতার এই জাল লটারি উদ্ধারের ঘটনায় একদিকে যেমন রাজ্য সরকারের বিপুল রাজস্ব ক্ষতি হচ্ছে, তেমনই প্রতারিত হওয়ার ভয়ে উদ্বেগে দিন কাটাচ্ছেন সাধারণ টিকিট ক্রেতারা। স্থানীয়দের দাবি, ঝাড়খণ্ড সীমানাবর্তী গ্রামগুলিতে পুলিশের নজরদারি তুলনামূলক কম। আর এই সুযোগকেই কাজে লাগাচ্ছে অসাধু কারবারিরা। যদিও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জাল টিকিট বিক্রি রুখতে তাঁরা নিয়মিত নজরদারি চালান।



