আশঙ্কা কাটিয়ে পুরোদমে অনুশীলন রামিরেজের
  • ২৭ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সঞ্জয় সরকার, কলকাতা: ১১ ম্যাচে ৯টি হার। বাকি দু’টি ড্র। আইএসএলে মর্যাদার ডার্বিতে এখনও জয়ের মুখ দেখেনি ইস্ট বেঙ্গল। গত ছ’টি মরশুমে একাধিক কোচ দায়িত্ব নিলেও, এই পরিসংখ্যানে কোনো পরিবর্তন আসেনি। এমনকি, গতবার দল চ্যাম্পিয়ন হলেও মর্যাদার ম্যাচে জয় অধরাই ছিল লাল-হলুদ ব্রিগেডের। চলতি আসরে তাই এই লজ্জার পরিসংখ্যানে বদল আনতে মরিয়া কোচ আন্তোনিও লোপেজ হাবাস। বৃহস্পতিবার অনুশীলন শেষে মাঠ ছাড়ার সময় ডার্বির প্রসঙ্গ উঠতেই স্প্যানিশ কোচের মন্তব্য, ‘আইএসএলে ডার্বির হিসাব সকলের জানা। ইস্ট বেঙ্গল কখনও জিততে পারেনি।  তাই রবিবার তিন পয়েন্ট ছাড়া কিছুই ভাবছি না।’ এরপরই মুচকি হেসে তাঁর সংযোজন, ‘মনে রাখবেন, মোহন বাগানের এই চমকপ্রদ পরিসংখ্যানে আমার অবদানও রয়েছে।’ 

Advertisement

হাবাসের প্রশিক্ষণে চিরপ্রতিদ্বন্দ্বী মোহন বাগানকে হারিয়ে ডুরান্ড কাপ জয় দিয়ে মরশুমের শুরুটা দারুণ করেছিল ইস্ট বেঙ্গল। তবে সময়ের সঙ্গে সেই ছন্দ ধরে রাখতে ব্যর্থ লেসলি ক্লডিয়াস সরণির ক্লাবটি। একের পর এক ম্যাচে পয়েন্ট খুইয়ে অবশেষে গত মঙ্গলবার আল হুসেইনের বিরুদ্ধে জয়ের মুখ দেখে লাল-হলুদ ব্রিগেড। আর তাতেই ডার্বির আগে এক ধাক্কায় অনেকটাই বদলে গিয়েছে ফুটবলারদের বডি ল্যাঙ্গুয়েজ। রবিবাসরীয় ডার্বির আগে অনেক বেশি আত্মবিশ্বাস দেখাচ্ছে রামিরেজ, লোবাদের। তবে এখনও দলে একাধিক জায়গায় দুর্বলতা রয়েছে। মহারণের আগে তা কাটিয়ে উঠতে মরিয়া কোচ হাবাস। তাই বৃহস্পতিবার সন্ধ্যায় সেন্টার অব এক্সেলেন্সের মাঠে অনুশীলনে হাতে ধরে ফুটবলারদের ভুলত্রুটি শুধরে দিলেন স্প্যানিশ কোচ। তবে লাল-হলুদ সমর্থকদের স্বস্তি জুগিয়ে পুরোদমে অনুশীলন করলেন ড্যানি রামিরেজ। তাঁর মন্তব্য, ‘তিন পয়েন্ট পেতেই হবে।’
মরশুমের শুরু থেকেই ইস্ট বেঙ্গলে স্কোরারের অভাব বারবার দেখা গিয়েছে। বিশেষত দুই বিদেশি স্ট্রাইকার লোবা ও লুকাস এখনও পুরো ফিট নন। তারউপর চোটের কারণে আপাতত মাঠের বাইরে এডমুন্ড। তাই রবিবারের ডার্বি জয়ের জন্য ডেভিড-বিষ্ণুদের উপর ভরসা রাখচ্ছেন হাবাস। এদিন অনুশীলনেও আপফ্রন্টে লোবার সঙ্গে এই দুই ফুটবলারকে ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করলেন তিনি। রবিবার ডার্বিতে অভিষেক হতে চলেছে একে লোবার। লাল-হলুদ জার্সিতে এখনও পর্যন্ত প্রাপ্ত সুযোগে বেশ নজর কেড়েছেন এই আইভরি কোস্টের ফুটবলারটি। এবার বড়ো ম্যাচেও ছাপ ফেলতে তৈরি তিনি। বললেন, ‘এটাই আমার প্রথম ডার্বি। জিতে সমর্থকদের মুখে হাসি ফোটানোই লক্ষ্য।’ উল্লেখ্য, বৃহস্পতিবার অনুশীলনে অনুপস্থিত ছিলেন ক্রিস ইকোনমিডিস। গত ম্যাচে পেশিতে টান ধরায় তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে। শুক্রবার চোটের জায়গায় স্ক্যান হবে। এছাড়া অনুশীলনের মাঝপথে মাঠ ছাড়েন জিভুলিচ। যদিও বিদেশি এই ডিফেন্ডারের ডার্বিতে খেলা নিয়ে কোনো সমস্যা হবে না।