ইতিহাস গড়ছে রামায়ণ, বিশ্বজুড়ে ৯০০ কোটির উপর আয়
  • ১২ নভেম্বর, ২০২৬ ১২:০৮
Prefer us on Google

মুম্বই, ১২ নভেম্বর: বক্স অফিসে ঝড় তুলেছে নীতেশ তিওয়ারি পরিচালিত রামায়ণ। মুক্তির প্রথম সপ্তাহেই বিশ্বজুড়ে ৯০০ কোটি টাকার গণ্ডি ছাড়াল রণবীর কাপুর অভিনীত এই সিনেমা। শুধু ভারতেই ছবির নেট আয় ছাড়িয়েছে ৫০০ কোটি টাকা।

Advertisement

ট্রেড রিপোর্ট অনুযায়ী গতকাল সিনেমাটি ভারতের বক্স অফিসে ৭০.৬৫ কোটি টাকা নেট আয় করেছে। ফলে সাত দিনে দেশের বাজারে ছবির মোট নেট সংগ্রহ দাঁড়িয়েছে ৫১১.১০ কোটি টাকা। ভারতের গ্রস কালেকশন ৬১১.০৫ কোটি টাকা। অপরদিকে বিদেশের বাজার থেকে এসেছে আরও ৩২৩.৫০ কোটি টাকা। সব মিলিয়ে বিশ্বজুড়ে ছবির মোট আয় ৯৩৪.৫৫ কোটি টাকা।

গত বৃহস্পতিবার ৬৪.৮৫ কোটি টাকা দিয়ে বক্স অফিসে যাত্রা শুরু করেছিল সিনেমাটি। এরপর আয় কিছুটা কমলেও সোমবার থেকে ফের ঘুরে দাঁড়ায় রামায়ণ। সোমবার ১০৭.৫০ কোটি এবং ভাইফোঁটার দিন মঙ্গলবার ৯৪.১০ কোটি টাকার ব্যবসা করে এই ছবিটি। উৎসবের মরশুমে দর্শকদের বিপুল সাড়া যে ছবির সাফল্যে বড় ভূমিকা নিয়েছে তা স্পষ্ট। এই সিনেমায় ভগবান রামের চরিত্রে রণবীর কাপুর, সীতার ভূমিকায় সাই পল্লবী, লক্ষ্মণ হিসেবে রবি দুবে এবং রাবণের চরিত্রে যশ অভিনয় করেছেন। ছবির দ্বিতীয় পর্ব মুক্তি পাওয়ার কথা ২০২৮ সালের দীপাবলিতে। আর সেইখানে হনুমানের ভূমিকায় দেখা যাবে সানি দেওলকে। আগামী দিনেও দর্শকদের মন ছুঁয়ে নেবে এই সিনেমা এমনটাই আশা রাখছেন নির্মাতারা।