ক্লিক ওটিটির পর্দায় ফিরছে ‘ইন্সপেক্টর নলিনীকান্ত’। অন্ধকার অতীত, প্রাণঘাতী ষড়যন্ত্র এবং গভীর রহস্যের টানাপোড়েন আবারও এক জটিল তদন্তে নামাতে বাধ্য করে ইনস্পেক্টর নলিনীকান্তকে। সৌজন্যে ‘ইন্সপেক্টর নলিনীকান্ত ৩’। বাইরে থেকে ভোজনরসিক, শান্ত ও প্রচুর অপ্রয়োজনীয় কথা বলা এই মধ্য বয়স্ক ক্রাইম ব্রাঞ্চের ইন্সপেক্টরটির প্রখর দৃষ্টি, অপরাধীর মনস্তত্ত্ব বিশ্লেষণ করার ক্ষমতা এবং উপস্থিত বুদ্ধি কোনো অপরাধীর চালাকিকেই রেহাই দেয় না। এইবারের অভিযানে অপরাধের কালো ছায়ায় ঢাকা পড়ে যায় তাঁর নিজের পরিবার। শুধু তাই নয়, নলিনীকান্তকে বরখাস্তও করা হয় ডিপার্টমেন্ট থেকে। সহকারী মুস্তাক এবং আরও কয়েকজন তরুণ অফিসারকে সঙ্গে নিয়েই তিনি এমন এক তদন্তে জড়িয়ে পড়েন, যেখানে ন্যায়বিচার, ক্ষমতা ও বিশ্বাসঘাতকতা মুখোমুখি এসে দাঁড়ায়। এক সত্তোরোর্ধ্ব বৃদ্ধের রহস্যজনক হত্যাকাণ্ডের সূত্র ধরে এই গল্পের একদিক শুরু হলেও অন্যদিকে নলিনীকান্তকে লড়তে হয় এক আন্তর্জাতিক এবং বেআইনি অস্ত্রপাচারকারী দলের বিরুদ্ধে। অন্যদিকে তথাকথিত সমাজকর্মী, সুন্দরী মোনালিসা বসুর বিস্তার করা সুক্ষ জালের জটিল বিন্যাসে জড়িয়ে পড়তে থাকেন এই ক্রাইম ব্রাঞ্চের হোমিসাইড বিভাগের ইন্সপেক্টর। রহস্যের কেন্দ্রবিন্দুতে এসে পড়ে মোনালিসার বৃদ্ধাশ্রম। পাশাপাশি অস্ত্র পাচারের মূল অভিযুক্ত শমীককে গ্রেপ্তারির পরেও ছাড়িয়ে নিয়ে যায় ক্ষমতাশালী অপরাধী চক্র। ব্যর্থ হন ইন্সপেক্টর নলিনীকান্ত। ভাগ্যচক্রের পরিহাসে সাসপেন্ডেড নলিনীকান্তকে সাহায্য করতে হয় অপরাধীদেরই। এর মধ্যেই মোনালিসার অন্ধকার অতীত সামনে আসার সাথে সাথে নলিনীকান্ত বুঝতে পারেন যে এটি কেবল সাধারণ কোনো খুন নয়; এর শিকড় ছড়িয়ে রয়েছে জাতীয় সুরক্ষার পক্ষে বিপজ্জনক অস্ত্র চোরাচালান ও অমানবিক এক এক্সপেরিমেন্টের ষড়যন্ত্রের গভীরে— যা সমগ্র মানবজাতির জন্য এক রাহুর গ্রাস হতে চলেছে। নদীর পাড়ের রক্তক্ষয়ী গুলির লড়াই এবং প্রভাবশালী রাজনৈতিক মহলের সরাসরি সংঘাতের মুখোমুখি হয়ে নলিনীকান্তকে ভেদ করতে হয় সেই জাল, যেতে হয় ভারত-নেপাল সীমান্তের দুর্গম পাহাড়ি এলাকায়। পরিবার, দেশ, সভ্যতাকে বাঁচাতে কি পারবেন ইন্সপেক্টর নলিনীকান্ত কুণ্ডু? এই প্রশ্নের জবাব মিলবে সিরিজে।
মুখ্য চরিত্রে ফের রজতাভ দত্ত। তাঁকেই দেখা যাবে ইন্সপেক্টর নলিনীর চরিত্রে। এছাড়াও রয়েছেন পায়েল সরকার, মধুমিতা সেনগুপ্ত, ছন্দক চৌধুরী, যুধাজিৎ সরকার, সবুজ বর্ধন, রানা বসু ঠাকুর, কৌশিক মুখোপাধ্যায়। অতিথি শিল্পীর ভূমিকায় দেবপ্রসাদ হালদার। সিরিজের স্রষ্টা সৌমিক চট্টোপাধ্যায় ও পরিচালক রাজদীপ ঘোষ। সিরিজ প্রসঙ্গে রজতাভ বললেন, ‘বাঙালি বরাবরই গোয়েন্দা গল্প ভালোবাসে, আর নলিনীকান্ত একেবারেই খাঁটি বাঙালি। তার ভুলে যাওয়ার প্রবণতা, সামান্য গোলগাল চেহারা, খাওয়াদাওয়ার প্রতি ভালোবাসা এবং দরদি মন তাকে দর্শকের কাছে অত্যন্ত পরিচিত ও আপন করে তোলে। নলিনীকান্তর সবচেয়ে আকর্ষণীয় দিক হল তার নিরীহ, অনাড়ম্বর বহিরঙ্গের আড়ালে লুকিয়ে থাকা ক্ষুরধার বুদ্ধি। একজন প্রাক্তন এনকাউন্টার স্পেশালিস্ট হয়েও নলিনীকান্ত ইচ্ছাকৃতভাবে নিজের মধ্যে কিছুটা নির্বোধ ও অনভিজ্ঞ মানুষের ভাব বজায় রাখে। জেরার সময় এই আচরণেই সে অনেককে অসতর্ক করে তোলে এবং তাদের মুখ থেকে সত্যি কথা বের করে আনে। সে একজন হাইপোকন্ড্রিয়াকও, অর্থাৎ সবসময়ই তার মনে হয় সে কোনও না কোনও অসুখে ভুগছে। তাই ওষুধপত্রে ঠাসা একটি ফোলিও ব্যাগ সর্বদা তার সঙ্গে থাকে। তার এই দুর্বলতা ও মজাদার বৈশিষ্ট্যগুলোর আড়ালেই লুকিয়ে রয়েছে এক অত্যন্ত বিচক্ষণ তদন্তকারী। তৃতীয় কিস্তিতে নলিনীকান্তকে আরও বেশি অ্যাকশনেও দেখা যাবে।’ পায়েল বললেন, ‘নলিনীকান্ত’ একেবারেই অন্য ধরনের থ্রিলার, যেখানে প্রতিটি মুহূর্তেই রয়েছে অপ্রত্যাশিত চমক।'’



