সংবাদদাতা, নবদ্বীপ: ডিজে বাজানোর প্রতিবাদ করেছিলেন। তার জেরেই নবদ্বীপ রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী অমরেশ্বরানন্দজি মহারাজকে হেনস্তার অভিযোগ ওঠে। ঘটনার তদন্তে নেমে এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ। শনিবার রাতে প্রাচীন মায়াপুরের মণ্ডলপাড়া থেকে রাজীব মণ্ডল নামে ওই যুবককে পুলিশ গ্রেপ্তার করে।
শুক্রবার সন্ধ্যায় নবদ্বীপের পিরতলার ছাড়া গঙ্গায় রাসের প্রতিমা বিসর্জনের সময় রামকৃষ্ণ মিশনের সামনে ডিজে বাজানো ঘিরে গন্ডগোলের সূত্রপাত হয়। মিশনে সন্ধ্যা ৬টায় প্রার্থনা শুরু হওয়ার কথা। সেজন্য ডিজের শব্দ কমানো ও সাউন্ড বক্সের মুখ ঘুরিয়ে দেওয়ার অনুরোধ করেন মহারাজ। অভিযোগ, তাঁর অনুরোধ উপেক্ষা করে শব্দ আরও বাড়িয়ে দেওয়া হয়। ফের প্রতিবাদ করতে গেলে কয়েকজন তাঁর উত্তরীয় ধরে টানাটানি করে। অশালীন ভাষায় অপমানও করা হয় তাঁকে। শনিবার দুপুরে নবদ্বীপ থানায় লিখিত অভিযোগ দায়ের হলে পুলিশ তদন্তে নেমে রাজীবকে গ্রেপ্তার করে।
স্বামী অমরেশ্বরানন্দজি মহারাজ বলেন, আশ্রমের সামনে ডিজে বাজিয়ে উদ্দাম নাচ চলছিল। শব্দ কমানোর অনুরোধ করলে উলটে তা বাড়িয়ে দেওয়া হয়। প্রতিবাদ করতে গেলে কয়েকজন আমার সঙ্গে দুর্ব্যবহার করেন। পুলিশকে ফোন করলে তারা এসে পরিস্থিতি সামাল দেয়। আমি কারও কঠোর শাস্তি চাই না। তবে ডিজের দৌরাত্ম্য ও উচ্ছৃঙ্খলতা বন্ধ হওয়া জরুরি। সংশ্লিষ্ট বারোয়ারির কয়েকজন সদস্য পরে আশ্রমে এসে ক্ষমা চাইলেও বিষয়টি এখন আইনের হাতে রয়েছে বলে তাঁদের জানিয়ে দেওয়া হয়েছে।



