নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: দ্রুত মেরামত হবে রামকৃষ্ণ সেতু। সেতুর গুরুত্বপূর্ণ বিয়ারিংগুলি মেরামত হবে। তার জন্য যান নিয়ন্ত্রণ করা হবে। শুক্রবার আরামবাগে রামকৃষ্ণ সেতু পরিদর্শন ও স্বাস্থ্যপরীক্ষা করে এমনটাই জানালেন পূর্তদপ্তরের রাজ্যের সচিব অন্তরা আচার্য। এদিন দুপুরে পূর্তদপ্তরের উচ্চ পদস্থ ইঞ্জিনিয়ারদের পাশাপাশি যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে বিশেষজ্ঞরাও আসেন। পূর্তদপ্তরের বিশেষ যানের সাহায্যে সেতুর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। পরে সেতুর উপরে দাঁড়িয়েই আলোচনা করেন আধিকারিকরা। এরজন্য এদিন সেতুতে যান নিয়ন্ত্রণ করা হয়। পরিদর্শন চলাকালীন একমুখী যান চলাচল করে। পরিদর্শন শেষে পূর্তদপ্তরের সচিব সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, রামকৃষ্ণ সেতু উদ্বেগজনক পরিস্থিতিতে আছে বলে আমাদের মনে হচ্ছে। সেইজন্য দ্রুত মেরামতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও মাঝেমধ্যেই সংস্কারের কাজ করা হয়েছে। ইতিমধ্যেই বেশ কয়েকবার আমরা সেতুর স্বাস্থ্য পরীক্ষা ও পরিদর্শন করেছি। সেতুর মেরামতিতে প্রয়োজনীয় মতামত যাদবপুর বিশ্ব বিদ্যালয়ের টেকনিক্যাল বিশেষজ্ঞদের কাছ থেকে নেওয়া হচ্ছে। তারসঙ্গে দপ্তরের ইঞ্জিনিয়ারদের পরামর্শ খতিয়ে দেখে কাজ করা হবে। এজন্য প্রয়োজনে সেতুর উপর যান চলাচল নিয়ন্ত্রণ করতে হবে। নিখুঁতভাবে সুদূরপ্রসারি ফল পাওয়ার লক্ষ্যে কাজটি হবে। তাড়াহুড়ো করে কাজ করতে গিয়ে যাতে কোনও গাফিলতি না হয়, সেই দিকটিও আমরা নিশ্চিত করব।



