


সংবাদদাতা, বোলপুর: রামনবমীর আগের দিন হস্টেলে ‘জয় শ্রীরাম’ পতাকা টাঙানোকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়েছিল। সেই পতাকা খোলাকে ঘিরে শুক্রবার সকালে বিশ্বভারতী ক্যাম্পাসে ফের উত্তেজনা ছড়াল। এদিন সকালে বিনয় ভবন হস্টেলে শিক্ষক প্রতিনিধির উপস্থিতিতে ‘জয় শ্রীরাম’ পতাকা খুলে ফেলা হয়। তার কিছুক্ষণ পরেই অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কয়েকজন পড়ুয়া ফের সেই পতাকা টাঙানোর চেষ্টা করেন। সেই সময় বিশ্বভারতীর ছাত্র পরিচালক সহ একাধিক আধিকারিক ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। শেষ পর্যন্ত নতুন করে আর পতাকা টাঙানো হয়নি। তবে এরপরই ক্যাম্পাসে অন্য এক ছবি সামনে আসে। অভিযোগ, কয়েকজন পড়ুয়া মাথায় তিলক কেটে ‘জয় শ্রীরাম’ ধ্বনি দিতে দিতে লাড্ডু বিলি করতে শুরু করেন। রামনবমী উপলক্ষ্যে এই উদ্যাপন ঘিরে ফের নতুন করে বিতর্ক দানা বাঁধে।
এই ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিরোধী ছাত্র সংগঠনগুলি। তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক শুভদীপ দে বলেন, যাদের কোনো স্বীকৃত ছাত্র সংগঠন নেই, তারাই হঠাৎ করে বিশ্বভারতীর আদর্শবিরোধী এই ধরনের কার্যকলাপে জড়িয়ে পড়ছে। এর ফলে গুরুদেবের এই শিক্ষা প্রতিষ্ঠানের মান ক্ষুণ্ণ হচ্ছে। বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কড়া পদক্ষেপের দাবি জানাচ্ছি। এই ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এস এফ আইও।
এনিয়ে বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতিগ ঘোষ বলেন, গতকাল বিষয়টি জানার পর ছাত্রাবাস চত্বর থেকে পতাকা সরানো হয়েছে। বাকি বিষয়টি আমাদের জানা নেই।
এবিভিপি ইউনিটের সহ-সম্পাদক সুমিত পাল বলেন,বিশ্ববিদ্যালয়ের হস্টেলে যখন অন্যান্য ধর্মের আচার-অনুষ্ঠান পালিত হয় তখন হিন্দু ধর্মের উৎসবও পালিত হওয়া উচিত বলে মনে করি। তাঁর কথায়, এতদিন গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের ব্রাহ্ম ধর্মকে মান্যতা দিয়ে এ ধরনের প্রথা ছিল না। তবে এখন অন্যান্যদের মতো হিন্দু ধর্মীয় রীতিনীতি মেনেও অনুষ্ঠান পালন হবে।
বিশ্বভারতীর প্রতিষ্ঠাতা রবীন্দ্রনাথ ঠাকুর যে ভাবনায় এই প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন, সেখানে ধর্মীয় সহাবস্থান ও মানবতাবাদ ছিল মূল ভিত্তি। সেই জায়গায় দাঁড়িয়ে বারবার এ ধরনের ঘটনায় বিশ্বভারতীর প্রাক্তনী ও আশ্রমিকরা আশঙ্কা প্রকাশ করছেন, শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী মুক্তচিন্তার পরিবেশ কী ধীরে ধীরে মেরুকরণের দিকে এগোচ্ছে? অনেকেই মনে করেন, একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের আবাসিক চত্বরে এভাবে নির্দিষ্ট ধর্মীয় স্লোগান যুক্ত পতাকা টাঙানো শিক্ষার নিরপেক্ষ পরিবেশের পরিপন্থী।