Bartaman Logo
৩ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

রামচরণের মানবিকতা শিক্ষণীয়: রজতাভ

রজতাভ দত্ত রামচরণের মানবিকতার প্রশংসা করলেন। দক্ষিণী সিনেমা 'পেড্ডি'তে কাজের অভিজ্ঞতা শেয়ার করেছেন। বিস্তারিত পড়ুন।

রামচরণের মানবিকতা শিক্ষণীয়: রজতাভ
  • ৩ জুন, ২০২৬ ০৪:০০

মুক্তির অপেক্ষায় রামচরণ অভিনীত প্যান ইন্ডিয়ান ছবি ‘পেড্ডি’। অভিনয়ের অভিজ্ঞতা শেয়ার করলেন রজতাভ দত্ত।

Advertisement

দাপুটে অভিনয়ের মাধ্যমে দীর্ঘসময় টলিউডে নিজের জায়গাটা পাকা করেছেন অভিনেতা রজতাভ দত্ত। কেবল টলিউডই নয়, হিন্দি ছবি-সিরিজেও তাঁর অভিনয় প্রশংসা কুড়িয়েছেন তিনি। এবার দক্ষিণী জার্নি। রামচরণের আসন্ন তেলুগু ছবি ‘পেড্ডি’তে কাজ করলেন রজতাভ। বুচি বাবু সানা পরিচালিত মেগা বাজেটের এই ছবির ট্রেলারের এক ঝলকেই স্পষ্ট রজতাভ ফের তাক লাগাতে চলেছেন। কোনো অডিশন ছাড়াই এই চরিত্রের জন্য নির্বাচিত হন রজতাভ। যদিও প্রাথমিকভাবে দক্ষিণী ছবিতে কাজের ক্ষেত্রে ভয় পেয়েছিলেন ভাষাকে। পরে অবশ্য গোটা টিমের সহযোগিতায় তেলেগু ও হিন্দি, দুই ভাষাতেই ডাবিং করেন। স্ক্রিন টাইম কম থাকলেও মূলত রামচরণের সঙ্গে কাজ করাই ছিল রজতাভর উদ্দেশ্য। ব্যক্তি রামচরণের ব্যবহার মুগ্ধ করেছে তাঁকে। অভিজ্ঞতা ব্যাখ্যা করে রজতাভ বললেন, ‘গোটা টিমের থেকে শেখার রয়েছে। প্রত্যেকেই কাজটার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিল। রামচরণ একজন সুপারস্টার। তিনি নিজে উঠে এসে অভিনয়ের কথা আলাদাভাবে বলছেন, করমর্দন করছেন, এটাই প্রাপ্তি।’ শ্যুটিংয়ের এক অভিজ্ঞতাও শেয়ার করলেন অভিনেতা। জানালেন, ‘একদিন এমন একটি জায়গায় শ্যুটিংয়ে গিয়েছি, সেখান থেকে ভ্যানগুলি অনেক দূরে। তাই প্রত্যেকের জন্য আলাদা তাঁবুর ব্যবস্থা। ছোটো ছোটো বাচ্চারা উঁকিঝুঁকি দিচ্ছিল রামচরণের তাঁবুতে। কিন্তু দেহরক্ষীদের কড়া পাহারায় ত্রিসীমানায় আসতে বাধা পাচ্ছিল ওরা। একটু বাদে দেখলাম, ওঁর ম্যানেজার প্রত্যেক বাচ্চাকে ডেকে ভিতরে নিয়ে যায়। আমি খেয়াল করি, ওরা যখন বেরলো, প্রত্যেকের মুখে হাসি। কারও হাতে বিস্কুট, কারও হাতে চকোলেট। রামচরণের এই মানবিকতা, সত্যিই শেখার মতো।’ আগামীতে ফের সুযোগ পেলে দক্ষিণী ছবিতে কাজ করার ইচ্ছা রয়েছে রজতাভর।
আরাত্রিকা চক্রবর্তী  

সম্পর্কিত সংবাদ