নিজস্ব প্রতিনিধি ও সংবাদদাতা: নদীয়া জেলাজুড়ে সাড়ম্বরে পালিত হল রাখী বন্ধন উৎসব। প্রশাসনের তরফে বিভিন্ন ব্লকে এই উৎসবের আয়োজন করা হয়। পাশাপাশি বিভিন্ন থানা এলাকায় পুলিস প্রশাসন পথ চলতি মানুষকে রাখী পরানো হয়। সেই সঙ্গে রাখী বন্ধন উৎসবের মাধ্যমে তৃণমূলের তরফে জনসংযোগ করা হয়। এদিন কৃষ্ণনগর সাংগঠনিক জেলার তৃণমূলের যুব সংগঠনের তরফে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি আঁকা রাখী তৈরি করা হয়। তারপর সারাদিন ধরে সাধারণ মানুষকে সেই রাখী পরানো হয়। সংগঠনের সভাপতি অয়ন দত্ত বলেন, তৃণমূল কংগ্রেস সম্প্রীতির দল। আমাদের সেনাপতি অভিষেক বন্দোপাধ্যায় দিল্লিতে খেটে মানুষের কথা তুলে ধরেছেন। সেজন্য রাখী বন্ধনের মতো শুভ দিনে তাঁর ছবি সামনে রেখেই ভ্রাতৃত্বের বন্ধন গড়ে তোলাই আমাদের উদ্দেশ্য।
এদিন সকালে কৃষ্ণনগর পোস্টঅফিস মোড়ে শহর তৃণমূল কংগ্রেসের তরফে ক্যাম্প করা হয়। কালীগঞ্জ ব্লক প্রশাসনের তরফে দেবগ্রাম চৌরাস্তা মোড়ে রাখী বন্ধন উৎসব পালন করা হয়। কৃষ্ণনগর-১ ও ২ ব্লকে রাখী বন্ধন উৎসবে উপস্থিত ছিলেন কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভার বিধায়ক তথা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। চাপড়া থানার তরফে বাসস্ট্যান্ডের কাছে রাখী বন্ধনের জন্য ক্যাম্প তৈরি করা হয়।
রানাঘাটে বিভিন্ন পুলিস, প্রশাসন, রাজনৈতিক দল থেকে ক্লাব, স্বেচ্ছাসেবী সংস্থার তরফের রাখী বন্ধন উৎসবের আয়োজন করা হয়। কোর্ট মোড়ে রানাঘাট ট্রাফিক পুলিসের তরফে হেলমেট পরে ও ট্রাফিক আইন মেনে গাড়ি চালানো ব্যক্তিদের হাতে রাখি পরিয়ে শুভেচ্ছা জানানো হয়। ছিলেন ট্রাফিক ওসি অলক ভট্টাচার্য। এছাড়াও তৃণমূলের তরফে বিভিন্ন জায়গায় রাখিবন্ধন উৎসবের আয়োজন করা হয়েছিল। আনুলিয়া, পায়রাডাঙা, রানাঘাট শহর, শান্তিপুর সহ বিভিন্ন জায়গায় রাখির মাধ্যমে জনসংযোগ চালায় শাসকদল।
তেহট্ট হাইওয়ে ট্রাফিক গার্ডের উদ্যোগে রাখী বন্ধন উৎসব ও সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি হয় নাজিরপুরে। তেহট্ট-১ ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রাখি বন্ধন উৎসব পালন করা হয় হাওলিয়া পার্ক মোড়ে ও মহকুমা হাসপাতালে। কৃষ্ণনগর পুলিস জেলার তেহট্ট পুলিস প্রশাসনের উদ্যোগে ‘রাখীবন্ধন হোক নারী সুরক্ষার প্রতীক’ নামে কর্মসূচি হয়। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিস সুপার(গ্রামীণ) উত্তম ঘোষ, মহকুমা পুলিস আধিকারিক শুভতোষ সরকার প্রমুখ।
নবদ্বীপ পুরসভার তরফে সংস্কৃতি দিবস উদযাপন করা হয়। নবদ্বীপ পোড়ামাতলায় রাখী বন্ধন উৎসব পালন করা হয়।