নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: অম্রুত প্রকল্পে বাড়ি বাড়ি জলের পাইপলাইনের সংযোগ দেওয়া হচ্ছে। হিসেব বলছে, রাজপুর সোনারপুর পুরসভা এলাকায় লক্ষাধিক নতুন জলের লাইনের সংযোগ দিতে হবে। নতুন লাইন যাঁদের দরকার, এখন তাঁদের ফর্ম ফিল আপ চলছে বিভিন্ন ওয়ার্ডে। নিয়ম অনুযায়ী, আবেদনের সময় সম্পত্তি কর বকেয়া থাকলে চলবে না। পাশাপাশি কেউ যাতে জল পাওয়া থেকে বঞ্চিত না হন, সেটা মূল লক্ষ্য পুরসভার। তাই একটি বাড়িতে যদি পৃথক সংসার চলে, অর্থাৎ আলাদা রান্নাঘর থাকে, সেক্ষেত্রে প্রত্যেককেই জলের সংযোগ দেবে পুরসভা। তার জন্য অবশ্যই ফর্ম পূরণ করতে হবে। চেয়ারম্যান পল্লব দাসের বক্তব্য, আর চার পাঁচদিনের মধ্যেই ফর্ম পূরণের কাজ শেষ করা হবে।
যেসব বাড়িতে আগে থেকেই জলের সংযোগ ছিল এবং এক সময়ে পুরসভার জল পেত, তাঁদের আর এই ফর্ম পূরণ করতে হচ্ছে না। কারণ এইসব বাসিন্দার রেকর্ড পুরসভার কাছে আছে। যেসব মানুষের তা ছিল না, কিন্তু এখন পুরসভা থেকে জলের সংযোগ নেওয়ার চেষ্টা করছেন, তাঁরা বিভিন্ন ওয়ার্ড অফিসে দরখাস্ত জমা দিচ্ছেন। পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল নজরুল আলি মণ্ডল বলেন, এঁদের তথ্য রেকর্ড হিসেবে পুরসভার কাছে রাখার জন্য এই প্রক্রিয়া চলছে। ভবিষ্যতে যদি কোথাও মেরামতির প্রয়োজন পড়ে, তখন রেকর্ড দেখে সেই বাড়ি খুঁজে বের করতে সুবিধা হবে। প্রথম পর্যায়ে ১ লক্ষ পাঁচ হাজারের মতো নতুন জলের লাইন দেওয়ার লক্ষ্যমাত্রা ধরে কাজ হচ্ছে। সংযোগ দেওয়ার সময় জিও ট্যাগিং পর্যন্ত করা হচ্ছে।
যেখান থেকে যেমন আবেদন আসছে, সেখানে গিয়ে পাইপ বসিয়ে সংযোগ দেওয়া হচ্ছে। একইসঙ্গে ওই জায়গায় রাস্তার কাজও শুরু করে দেওয়া হচ্ছে। ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহের মধ্যে পাইপ বসিয়ে সংযোগ দেওয়ার কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নিয়েছে পুরসভা। তবে অম্রুত প্রকল্পের জল আবাসন ও কারখানায় কীভাবে দেওয়া হবে, তার রূপরেখা এখনও রাজ্য থেকে আসেনি। ফলে এই ব্যাপারটি আপাতত স্থগিত রাখা হয়েছে। তবে পুর কর্তৃপক্ষ আশা করছে, শীঘ্রই এই সংক্রান্ত সরকারের ‘স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর’ এসে যাবে।