রাজ্যপাল পদের প্রস্তাবে নারাজ রাজনাথ, শিবরাজ ও গাদকারি! মন্ত্রিসভার রদবদল নিয়ে চাপে মোদি-শাহ
  • ২৩ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সন্দীপ স্বর্ণকার, নয়াদিল্লি: জেন জি’র আন্দোলনের চাপে ধর্মেন্দ্র প্রধান শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। তারপর থেকেই চলছে মোদি মন্ত্রিসভার রদবদলের গুঞ্জন। এখন তা আরও বেড়েছে। কিন্তু কাকে সরিয়ে কাকে করবেন মন্ত্রী, প্রবল চাপে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গত বুধবার রাতে ৭ লোককল্যাণ মার্গে বিজেপি সভাপতি নীতিন নবীনকে ডেকে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী মোদি এবং অমিত শাহ। যার জেরে রদবদলের জল্পনা আরও জোরদার হয়েছে। অত্যন্ত বিশ্বস্ত সূত্রে খবর, রাজনাথ সিং, শিবরাজ সিং চৌহান এবং নীতিন গাদকারিকে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে সরাতে চাইছেন মোদি। সায় রয়েছে শাহের। তিনজনকে কোনো না কোনো রা঩জ্যের রাজ্যপাল করার কথা ভাবা হয়েছে। দূত মারফৎ তাঁদের প্রস্তাবও দেওয়া হয়েছে। কিন্তু রাজনাথ, শিবরাজ, গাদকারি—কেউই ‘রাজনৈতিক সন্ন্যাস’ নিতে রাজি নন। সরতে নারাজ মন্ত্রিসভা থেকে। সেটিও মোদির কানে পালটা পৌঁছে দিয়েছেন তাঁরা। ফলে চাপে পড়ে গিয়েছেন মোদি-শাহ জুটি। সামনের বছর উত্তরপ্রদেশের নির্বাচন। তাই সেই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা লখনউয়ের বর্তমান সাংসদ প্রতিরক্ষামন্ত্রী রাজনাথকে জোর করে সরিয়ে দিলে বিজেপির হিতে বিপরীত হতে পারে বলেই আশঙ্কা। তাই রাজনৈতিক মহলে জল্পনা বাড়ছে, তবে কি উত্তরপ্রদেশ নির্বাচন মিটলে ২০২৭ সালে কেন্দ্রে তৃতীয় মোদি সরকারের তিন বছর পূর্ণ হওয়ার পরেই  হবে মন্ত্রিসভার বড়োসড়ো রদবদল? 

Advertisement

আবার পাঞ্জাবের আসন্ন নির্বাচনের দিকে তাকিয়ে আগামী কাল মঙ্গলবার  গুরুপরবের শুভদিনে মন্ত্রিসভার রদবদল হতে পারে, এমন জল্পনাও শোনা যাচ্ছে। রবনীত সিং বিট্টু ইস্তফা দিয়েছেন কিছুদিন আগে। সেই জায়গায় রাঘব চাড্ডাকে আনা হতে পারে। সম্প্রতি হরদীপ সিং পুরীকে জায়গা দিতে হবে বলে মোদির পরামর্শে ইস্তফা দিয়েছেন তামিলনাড়ুর এল মুরুগন। 
এখন ১৪ জন ক্যাবিনেট মিনিস্টার বা পূর্ণ মন্ত্রীকে দুই বা ততোধিক মন্ত্রক সামলাতে হচ্ছে। শিবরাজের কাঁধে রয়েছে কৃষি ও কৃষক কল্যাণের পাশাপাশি গ্রামোন্নয়ন মন্ত্রক। প্রহ্লাদ যোশির হাতে খাদ্য ও গণবণ্টন, রিনিউয়েবল এনার্জি এবং শিক্ষামন্ত্রক। জেপি নাড্ডা স্বাস্থ্য এবং সার-রসায়ন মন্ত্রকের দায়িত্বে। মনোহরলাল খাট্টারের রয়েছে নগরোন্নয়ন এবং বিদ্যুৎ মন্ত্রক। অশ্বিনী বৈষ্ণবের কাঁধে তিনটি। রেল, তথ্য-প্রযুক্তি এবং তথ্য-সম্প্রচার। জ্যোতিরাদিত্য সিন্ধিয়া যোগাযোগ এবং উত্তর-পূর্বাঞ্চল বিষয়ক মন্ত্রী। মনসুখভাই মাণ্ডব্য ক্রীড়া এবং শ্রম মন্ত্রকের দায়িত্বে। একইভাবে কাউন্সিল অব মিনিস্টার বা মন্ত্রী পরিষদেও ১৬ জন রাষ্ট্রমন্ত্রীর কাঁধে একাধিক মন্ত্রক। পাশাপাশি অর্জুনরাম মেঘওয়াল, জিতেন্দ্র সিংয়ের মতো পাঁচজন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীকেও সামলাতে হয় ১৫টি মন্ত্রক। ফলে তাঁদের কাউকে সংগঠনে ফিরিয়ে, কাউকে রা‌জ্যপাল করে মন্ত্রিসভা থেকে সরাতে চান মোদি। পাশাপাশি শরিকদের সন্তুষ্ট করতেও মন্ত্রিসভার রদবদল অবশ্যম্ভাবী। নতুন শরিক হিসাবে সুদীপ-কাকলিদের এনসিপিআই’ও মন্ত্রিসভায় যোগ দিতে মরিয়া। ২০ জনের ওই গোষ্ঠীর অনেকেই মন্ত্রী হতে চান। মহিলারাই বেশি। তাঁরা কেউ দিল্লিতে, কেউ বারাণসীতে মোদি-অমিত শাহর সঙ্গে নানাভাবে যোগাযোগ করছেন। দিল্লিতে সংসদীয় কমিটির বৈঠকে এসে খোঁজ নিচ্ছেন, কবে রদবদল? দিল্লিতেই থাকব, নাকি কলকাতা ফিরব?