Bartaman Logo
১৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

বঙ্গ সফরে এসে প্রশাসক মোদির সাফল্য তুলে ধরলেন রাজনাথ

ছিলেন গুজরাতের মুখ্যমন্ত্রী। পরে হয়েছেন দেশের প্রধানমন্ত্রী। আজ, বৃহস্পতিবার এই দুই শীর্ষপদ মিলিয়ে ২৫ বছর পূর্ণ করতে চলেছেন নরেন্দ্র মোদি।

বঙ্গ সফরে এসে প্রশাসক মোদির সাফল্য তুলে ধরলেন রাজনাথ
  • ১৭ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ছিলেন গুজরাতের মুখ্যমন্ত্রী। পরে হয়েছেন দেশের প্রধানমন্ত্রী। আজ, বৃহস্পতিবার এই দুই শীর্ষপদ মিলিয়ে ২৫ বছর পূর্ণ করতে চলেছেন নরেন্দ্র মোদি। সেই উপলক্ষ্যে বিজেপি এবং এনডিএর শরিক দলগুলি আজ, ১৭ সেপ্টেম্বর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত ‘সেবা সংকল্প অভিযান’ পরিচালনা করবে। দেশজুড়ে এই অভিযানের আওতায় ১২টি কর্মসূচি গ্রহণ করা হবে, যার মূল লক্ষ্য সেবা, সামাজিক কল্যাণ এবং জনসাধারণের অংশগ্রহণ। বুধবার কলকাতায় এক সাংবাদিক সম্মেলনে প্রশাসক মোদির দীর্ঘ আড়াই দশকের এই মেগা ইনিংস নিয়ে দেশব্যাপি কর্মসূচির কথা ঘোষণা করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেন, ‘নরেন্দ্র মোদির জীবনের গত ২৫ বছরকে যদি একটি মাত্র শব্দে সংক্ষেপ করা হয়, সেই শব্দটি হবে সেবা। বড়ো পরিবর্তনের জন্য বৃহত্তর দৃষ্টিভঙ্গি, সঠিক নীতি, শক্তিশালী বাস্তবায়ন, রাজনৈতিক সদিচ্ছা এবং নিজের সিদ্ধান্তে অনড় থাকার সাহস প্রয়োজন। প্রধানমন্ত্রী মোদি ধারাবাহিকভাবে এই গুণগুলির পরিচয় দিয়েছেন।’ তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদি সেই একই দৃঢ়তা, নির্ভীকতা, রাজনৈতিক সদিচ্ছা এবং সুদূরপ্রসারী দৃষ্টিভঙ্গির পরিচয় দিয়েছেন। গুজরাতের মুখ্যমন্ত্রী থাকাকালীনও তাঁর স্বাক্ষর রেখেছিলেন।’ তিনি আরও বলেন, ‘এ বছর প্রথমবারের মতো স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে বন্দে মাতরমের ছ’টি স্তবকই পরিবেশন করা হয়েছে।’ এদিনের সাংবাদিক সম্মেলনে প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেখানো পথে তাঁর সরকার পশ্চিমবঙ্গবাসীর জন্য বিবিধ কল্যাণকর সামাজিক প্রকল্প রূপায়ণে বদ্ধপরিকর, মন্তব্য মুখ্যমন্ত্রীর।   

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ