নিজস্ব প্রতিনিধি, হাওড়া: শুক্রবার হাওড়া জেলা পরিষদের মেন্টর বা পরামর্শদাতা হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। এদিন দুপুরে তাঁকে স্বাগত জানাতে জেলা পরিষদের বাইরে তৃণমূলের কর্মী -সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। গ্রামীণ হাওড়ার উন্নয়নের পাশাপাশি আগামী ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে ‘পাখির চোখ’ করে তৃণমূলের সাংগঠনিক শক্তি বৃদ্ধিতেও রাজীব বড় ভূমিকা নেবেন বলে মনে করছে রাজনৈতিক মহল।
জেলা পরিষদের মেন্টর হিসেবে রাজীব বন্দ্যোপাধ্যায়ের দায়িত্ব গ্রহণ উপলক্ষ্যে ফরশোর রোড, মহাত্মা গান্ধী রোডে তৃণমূলের তরফে প্রচুর ব্যানার ও পোস্টার লাগানো হয়। এদিকে জেলা পরিষদ অফিসের বাইরে ভিড় করেন তৃণমূলের যুব, মহিলা, শিক্ষক, শ্রমিক সংগঠনের শয়ে শয়ে কর্মী। রাজীববাবুকে স্বাগত জানাতে বিভিন্ন ব্লক ও পঞ্চায়েত থেকে এসেছিলেন কর্মী সমর্থকেরা। জেলা পরিষদের মেন্টর হিসেবে দায়িত্ব নেওয়ার পর তাঁকে শুভেচ্ছা জানান সভাধিপতি কাবেরী দাস, সহ সভাধিপতি অজয় ভট্টাচার্য ও অন্যান্য কর্মাধ্যক্ষরা। এরপর বেশ কিছুক্ষণ রুদ্ধদ্বার বৈঠক হয় জেলা পরিষদে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলা পরিষদের দায়িত্বপ্রাপ্ত সর্বস্তরের কর্মীকে নিয়ে একসঙ্গে কাজ করার বার্তা দেন রাজীববাবু। তিনি বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে এই দায়িত্ব দিয়েছেন। আগামী দিনে হাওড়ার উন্নয়নই আসল লক্ষ্য। পথ বড় কথা নয়। কাজটাই বড়। সবাই একসঙ্গে মিলে উন্নয়নের স্বার্থে ঝাঁপিয়ে পড়তে হবে।’
রাজনৈতিক মহলের গুঞ্জন, ছাব্বিশের নির্বাচনের আগে রাজীব বন্দ্যোপাধ্যায়ের এই দায়িত্ব গ্রহণ সাংগঠনিক ক্ষেত্রেও বড় সংস্কার আনতে চলেছে। গ্রামীণ হাওড়ায় বুথ স্তরের বহু দলীয় কর্মীর মধ্যে ঘরোয়া বিষয় নিয়ে যে ক্ষোভ বিক্ষোভ পুঞ্জিভূত হয়ে রয়েছে, তা অনেকাংশেই প্রশমিত হবে এবার। আগামী বিধানসভা নির্বাচনের ঘুঁটি সাজাতে তাঁর অভিজ্ঞতা বড় ভূমিকা নেবে বলেও দাবি রাজনৈতিক মহলের। নিজস্ব চিত্র