আমেদাবাদ: প্রথম ম্যাচে রাজস্থান রয়্যালস ৮ উইকেটে জিতেছে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। অন্যদিকে, গুজরাত টাইটান্স অভিযান শুরু করেছে পাঞ্জাব কিংসের কাছে ৩ উইকেটে হেরে। শনিবার সন্ধ্যায় মোতেরায় মুখোমুখি দু’দল। তারকাবহুল এই মোকাবিলায় আলাদা করে ক্রিকেট মহলের নজর থাকছে বছর পনেরোর বৈভব সূর্যবংশীর দিকে। প্রথম ম্যাচে চেন্নাইয়ের বোলিংকে চুরমার করে ১৫ বলে হাফ সেঞ্চুরি হাঁকিয়েছে বিস্ময় প্রতিভা। ফের তাকে মারমার কাটকাট মেজাজে দেখার আশায় ক্রিকেটপ্রেমীরা। তবে গুজরাত নিশ্চিতভাবেই দ্রুত ফেরানোর ছক কষছে বৈভবকে। কাগিসো রাবাডা, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণার মতো পেসার রয়েছেন ক্যাপ্টেন শুভমান গিলের হাতে। তারপরও বৈভবকে থামাতে না পারলে হোমটিমের কপালে দুঃখ রয়েছে। কারণ বাঁ-হাতি ওপেনার বেপরোয়া আগ্রাসনে বিশ্বাসী।
মোতেরার বাইশ গজ ব্যাটসম্যানদের স্বর্গরাজ্য বলে মনে করা হচ্ছে। ফলে বড় রান হওয়ার সম্ভাবনা প্রবল। গুজরাতের ব্যাটিংও রীতিমতো শক্তিশালী। শুভমানের সঙ্গে ওপেনিংয়ে নামছেন সাই সুদর্শন। তিনে জস বাটলার, চারে গ্লেন ফিলিপস। তবে টপ ফোরের স্ট্রাইক রেট নিয়ে কিছুটা চিন্তা থাকছে। পাঞ্জাবের বিরুদ্ধে কেউই ধুমধাড়াক্কা চালাতে পারেননি। ওয়াশিংটন সুন্দর, শাহরুখ খান, রাহুল তেওয়াটিয়ারা মিডল অর্ডারে ভরসা জোগাতে ব্যর্থ। প্রশ্নের মুখে গিলের নেতৃত্বও। মুল্লানপুরে পাঞ্জাবের বিরুদ্ধে তিনি সিরাজকে দু’ওভারের বেশি বল করাননি। প্রসিদ্ধকে আক্রমণে আনেন ১৩ ওভারে। পক্ষান্তরে, রাজস্থানের ব্যাটিং আবার পুরোপুরি বৈভব নির্ভর নয়। যশস্বী জয়সওয়াল, ধ্রুব জুরেল, অধিনায়ক রিয়ান পরাগ, শিমরন হেটমায়ার, রবীন্দ্র জাদেজা— গভীরতা যথেষ্টই। পেস বোলিংয়ে জোফ্রা আর্চার, নান্দ্রে বার্গার, ব্রিজেশ শর্মা, সন্দীপ শর্মা আছেন। দুই বিদেশি পেসারকেই ছন্দে দেখা গিয়েছে।