গুয়াহাটি: প্রথম দু’ম্যাচেই হেরেছিল রাজস্থান রয়্যালস। আইপিএলের চলতি আসরে রবিবার প্রথম জয়ের স্বাদ পেল তারা। ‘সেকেন্ড হোম’ গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসকে নাটকীয়ভাবে ৬ রানে হারাল রাহুল দ্রাবিড়ের ছাত্ররা। টস হেরে ব্যাট করতে নেমে রাজস্থান ৯ উইকেট তোলে ১৮২। জবাবে টানটান উত্তেজনার মধ্যে সিএসকে ৬ উইকেটে থামে ১৭৬ রানে।
১৮৩ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি চেন্নাইয়ের। ইনিংসের চতুর্থ বলেই ফেরেন রাচীন রবীন্দ্র (০)। এরপর রাহুল ত্রিপাঠি (২৩) ও ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ শিবম দুবে (১৮) শিকার হন ওয়ানিন্দু হাসারাঙ্গার। তারমধ্যে শিবমকে অবিশ্বাস্য দক্ষতায় তালুবন্দি করেন রাজস্থান অধিনায়ক রিয়ান পরাগ। এরপর বিজয় শঙ্করকে (৯) বোল্ড করেন সেই হাসারাঙ্গা। সিএসকে অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় (৪৪ বলে ৬৩) অবশ্য একাই চেষ্টা চালিয়ে যান। কিন্তু তিনিও হাসারাঙ্গার (৪-৩৫) বলে আউট হন। রবীন্দ্র জাদেজা (৩২ নট আউট) ও মহেন্দ্র সিং ধোনি যদিও হাল ছাড়েননি। শেষ দুই ওভারে চেন্নাইয়ের দরকার ছিল ৩৯। ধোনি-জাদেজার ধুন্ধুমারে সেটাই কমে দাঁড়ায় ৬ বলে ২০ রানে। কিন্তু শেষ ওভারের প্রথম বলেই ফেরেন ধোনি (১৬)। ওখানেই দাঁড়ি পড়ে সিএসকে’র জয়ের সম্ভাবনায়।
রাজস্থানের বড় স্কোরের ভিত এদিন গড়ে দিয়েছিলেন প্রাক্তন নাইট নীতীশ রানা। তিন নম্বরে নেমে মাত্র ৩৬ বলে তাঁর সংগ্রহ ৮১। ১০টি বাউন্ডারি ও পাঁচটি ছক্কা হাঁকান তিনি। রাজস্থানের আগের দুই ম্যাচে তাঁর ব্যাটে এসেছিল মাত্র ১১ ও ৮। এই ইনিংস সেজন্যই গুরুত্বপূর্ণ। গত কয়েক বছর ধরে নাইটদের সোনালি-বেগুনি জার্সিই গায়ে চাপিয়েছেন তিনি। কিন্তু তাঁকে ধরে রাখেনি শাহরুখের ফ্র্যাঞ্চাইজি। এদিন মাত্র ২১ বলে পঞ্চাশ পূর্ণ করেন ৩১ বছর বয়সি বাঁ-হাতি ব্যাটার। যেভাবে খেলছিলেন তাতে সেঞ্চুরি নিশ্চিত দেখাচ্ছিল। কিন্তু রবিচন্দ্রন অশ্বিনের অভিজ্ঞতায় বোকা বনেন নীতীশ। ক্রিজ ছেড়ে মারতে গিয়ে ওয়াইড বলে স্টাম্পড হন তিনি। চলতি আসরে এই নিয়ে তৃতীয়বার স্টাম্পড করলেন ধোনি।
‘ম্যাচের সেরা’ নীতীশ যখন খেলছিলেন তখন মনে হচ্ছিল রাজস্থান দুশো টপকে যাবে। কিন্তু তা হয়নি। ১২তম ওভারে নীতীশ ফিরতেই রানের গতি থমকে যায়। মিডল অর্ডারে হতাশ করেন ধ্রুব জুরেল (৩), ওয়ানিন্দু হাসারাঙ্গা (৪), শিমরন হেটমায়ার (১৯), জোফ্রা আর্চাররা (০)। রান পাননি ওপেনার যশস্বী জয়সওয়াল (৪)। যশস্বীর সঙ্গী ওপেনার সঞ্জু স্যামসনও (২০) বেশিক্ষণ থাকেননি। রিয়ান পরাগ ২৮ বলে করেন ৩৭। চেন্নাইয়ের হয়ে বল হাতে সফল নুর আহমেদ (২-২৮), মাথিশা পাথিরানা (২-২৮) ও খলিল আহমেদ (২-৩৮)। ৯ উইকেট নিয়ে কোটিপতি লিগে নুরই এখন সর্বাধিক উইকেট শিকারী।