Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বৃষ্টির জল ঢুকে লঙ্কা চাষের ব্যাপক ক্ষতি গড়বেতায়

বৃষ্টির জল ঢুকে লঙ্কা চাষের ব্যাপক ক্ষতি গড়বেতায়
  • ৭ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: দু’দিনের টানা বৃষ্টিতে পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় লঙ্কা চাষের দফারফা অবস্থা। মাথায় হাত চাষিদের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গড়বেতা এক ও দুই ব্লকে লঙ্কা চাষের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে গ্রামীণ অর্থনীতিতে প্রভাব পড়ছে। গ্রামবাসীরা জানাচ্ছেন, এক হাজারের বেশি বিঘা জমিতে লঙ্কার চাষ হয়। কিন্তু বৃষ্টির জল ঢুকে বিপুল পরিমাণে লঙ্কা নষ্ট হয়েছে। শুধু গড়বেতা-১ ব্লকের বেনাচাপড়ায় এক লক্ষ টাকার বেশি লঙ্কার ক্ষতি হয়েছে। তবে অন্যান্য জমির সব্জিও জলের তলায় চলে যাওয়ায় বেড়েছে ক্ষতির পরিমাণ। এর ফলে লঙ্কা ছাড়াও বিভিন্ন সব্জির দাম বাড়ছে। এতে হোটেল, রেস্তরাঁর মালিকরাও উদ্বেগে রয়েছেন।

Advertisement

গড়বেতা-২ এর পঞ্চায়েত সমিতির সভাপতি দীনবন্ধু দে বলেন, দু’দিনের বৃষ্টিতে বেশি ক্ষতি হয়েছে লঙ্কার। চাষিরা সমস্যায় পড়েছেন। তবে প্রশাসনের তরফে সমাধানের চেষ্টা চলছে।
উল্লেখ্য, গত ১৮ জুন সকাল থেকেই বৃষ্টি শুরু হয়। এর ফলে ওইদিন রাত থেকে গ্রামে জল ঢুকতে শুরু করে। ১৯ জুন ভোরের আলো ফোটার আগেই গড়বেতার বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে যায়। তবে গড়বেতা থেকে জল নেমে গেলেও, চন্দ্রকোণা ও ঘাটালের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে যায়। এর ফলে গড়বেতার দুই ব্লক ছাড়াও ঘাটাল মহকুমায় দু’হাজার হেক্টর জমিতে ফসলের ক্ষতি হয়েছে। প্রশাসনের আধিকারিকরা জানাচ্ছেন, এই বন্যা পরিস্থিতির জেরে তিন হাজারের বেশি বাড়ির ক্ষতি হয়েছে। জল বাড়ার কারণে আশপাশের বাড়িতে আশ্রয় নিতে হয় বাসিন্দাদের। তবে চাষের ক্ষয়ক্ষতির পরিমাপ করে রিপোর্ট পাঠানোর কাজ চলছে। সেই রিপোর্ট অনুসারে সিদ্ধান্ত নেবে রাজ্য। জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ আশিস হুদাইত বলেন, লঙ্কা সহ অন্য সব্জিরও ব্যাপক ক্ষতি হয়েছে। আমরা সবটা পর্যালোচনা করে দেখছি। 
গড়বেতার এক লঙ্কা চাষি বলেন, সারা বছরই লঙ্কার চাহিদা থাকে। এবছর ফলন বেশি হতো। কিন্তু জমিতে জল ঢুকে সব শেষ করে দিয়েছে। ক্ষতিপূরণ বাবদ টাকা পেলে কিছু উপকার হবে। পরবর্তী সময়ে চাষ কীভাবে শুরু করব বুঝে উঠতে পারছি না। গড়বেতা-১ ব্লক তৃণমূল সভাপতি সেবাব্রত ঘোষ বলেন, চাষের অনেক ক্ষতি হয়ে গিয়েছে। প্রশাসন পাশে থাকবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ