নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শুক্রবার সকালে ঘূর্ণিঝড় ‘আকভান’ দক্ষিণ ওড়িশার গোপালপুরের কাছে স্থলভূমিতে আছড়ে পড়ার পর দ্রুত শক্তি ক্ষয় করতে শুরু করেছে। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, শুক্রবার রাতের মধ্যে এটি ওড়িশার উপর আরও শক্তি হারিয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। উপকূল অতিক্রম করার আগে সমুদ্রেই আকভান শক্তি হারাতে শুরু করে তীব্র থেকে সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হয়। উপকূল অতিক্রম করার সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৭০-৮০ কিমি (দমকা ৯০ কিমি) ছিল বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। তবে দুর্বল হলেও এর প্রভাবে ওড়িশা এবং উত্তর অন্ধ্রের কিছু এলাকার পাশাপাশি কলকাতাসহ দক্ষিণবঙ্গের বড়ো অংশ জুড়ে শুক্রবার সারাদিন ধরে অসময়ের প্রচুর বৃষ্টিপাতে জনজীবন ব্যাহত হয়।
আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানান, আজ শনিবার দক্ষিণবঙ্গে বৃষ্টি কমবে। মুর্শিদাবাদের কিছু জায়গা ছাড়া আজ কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়নি। দক্ষিণবঙ্গের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টি হতে পারে আজ। বিকেলের পর থেকে সেটা আরও কমবে। বাতাসে বেশি জলীয় বাষ্প থাকার জন্য রবিবার ও সোমবারও কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে। মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়া পরিষ্কার ও শুষ্ক হয়ে যাবে। ঘূর্ণিঝড়টি সমুদ্র্রের উপর দুর্বল হওয়ার বিষয়ে আবহাওয়া অধিকর্তা বলেন, এইসময় বায়ুমণ্ডলে পশ্চিমি শুষ্ক বাতাস সক্রিয় হয়ে ওঠে। সেটির এবং আরও কয়েকটি কারণের জন্য এই ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে পড়ে। এরকম যে হতে চলেছে তার ইঙ্গিত আগেই পাওয়া গিয়েছিল।
যে ওড়িশায় আকভান আছড়ে পড়েছে সেখানেও শুক্রবার সন্ধ্যা পর্যন্ত কোনো বড়ো ধরনের ক্ষয়ক্ষতি বা বিপর্যয়ের খবর পাওয়া যায়নি। ওড়িশা জুড়ে আগাম সতর্কতামূলক বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছিল। পুরী, গঞ্জামসহ বিভিন্ন জেলায় ৩ লক্ষ ৭২ হাজার মানুষকে নিরাপদ জায়গায় সরানো হয়। স্কুল বন্ধ রাখা হয়। পুরীসহ অন্যান্য পর্যটন কেন্দ্রগুলিতে পর্যটক এবং অন্যদের সমুদ্রে ও সমুদ্রের ধারে সবধরনের সক্রিয়তার উপর বিধিনিষেধ আারোপ করে প্রশাসন। ভুবনেশ্বরের নন্দনকাননসহ ওড়িশার অনেক পর্যটনস্থল বন্ধ রাখা হয়। প্রচুর ট্রেন বাতিল করে রেল কর্তৃপক্ষ। তবে ঝড়ে বড়ো কোনো ক্ষয়ক্ষতি নাহলেও ওড়িশায় প্রচুর বৃষ্টি হয়েছে। শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টার মধ্যে বিভিন্ন জায়গায় ২০০ মিমির বেশি থেকে ১০০ মিমি পর্যন্ত বৃষ্টি হয়েছে। গঞ্জাম জেলার পাত্রপুরে সবথেকে বেশি ২০৯ মিমি বৃষ্টি হয়।
ঘূর্ণিঝড়ের কেন্দ্রস্থল থেকে দূরে থাকলেও এর প্রভাবে ব্যাপক বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে। উপকূল ও তার কাছাকাছি এলাকায় বৃষ্টিপাত বেশি হয়েছে। সকাল সাড়ে ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গে সবথেকে বেশি বৃষ্টি হয়েছে নদীয়ার কল্যাণীতে (৯১.৮ মিমি)। কাঁথিতে ৮৩ মিমি, বারাকপুরে ৮৪.৮ মিমি, মেদিনীপুরে ৭৪.৬ মিমি, কলকাতা (আলিপুরে) ৫১.৬ মিমি, দমদমে ৫৩.৪ মিমি ও সল্টলেকে ৬৩ মিমি বৃষ্টি হয়েছে এইসময়ে। তারপরেও সারাদিন ধরে বৃষ্টি চলে দক্ষিণবঙ্গে। বৃষ্টি ও মেঘলা আকাশের জন্য তাপমাত্রা কমে যাওয়ায় স্যাঁতসেঁতে শীতের অনুভূতি আসে। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা (২২.৮ ডিগ্রি সেলসিয়াস) স্বাভাবিকের থেকে ৭.২ ডিগ্রি কম ছিল। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৯ ডিগ্রি।



