নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কয়েকদিন বিরতির পর ফের দক্ষিণবঙ্গে বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টি বাড়ার অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। বজ্রপাত ও জোরালো হাওয়া বইতে পারে। বুধবার দুপুরের পর দক্ষিণবঙ্গের নানা জেলায় শক্তিশালী বজ্রমেঘ সৃষ্টি হয়। আজ, বৃহস্পতিবার এই প্রবণতা আরও বাড়বে বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন। দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, হাওড়া, হুগলি জেলার কোথাও জোরালো ঝড়-বৃষ্টির ‘কমলা সতর্কতা’ দেওয়া হয়েছে। কলকাতাতেও বজ্রমেঘ তৈরি হতে পারে। বৃহস্পতিবারের পর বজ্রমেঘ তৈরির প্রবণতা থাকবে। মৌসুমি অক্ষরেখা দক্ষিণবঙ্গের উপর নেমে এসেছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর প্রান্ত থেকে উত্তর ওড়িশা পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা আছে। ফলে বায়ুমণ্ডলে বজ্রমেঘ তৈরি হচ্ছে। বুধবার সকাল সাড়ে ৮ টা পর্যন্ত ২৪ ঘণ্টায় পুরুলিয়ার তুসুমাতে রাজ্যে সবথেকে বেশি প্রায় ৭৪ মিমি বৃষ্টি হয়েছে। এই সময়ে বারাকপুরেও প্রায় ৪৮ মিমি বৃষ্টি হয়েছে। দেশের মধ্যে সবথেকে বেশি বৃষ্টি হয়েছে উত্তর সিকিমের মঙ্গনে (২৮০ মিমি)। ফলে তিস্তা ও অন্যান্য নদীতে জলস্তর বাড়ার আশঙ্কা আছে।



