নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এল নিনোর প্রভাবে এবার বর্ষাকালে গোটা দেশেই বৃষ্টির পরিমাণ কমতে পারে। ইতিমধ্যে এমনই আশঙ্কার কথা জানিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। পশ্চিমবঙ্গ এর ব্যতিক্রম হবে না। কিন্তু বর্ষার আগে, দু-তিনমাস যাবৎ রাজ্যে বৃষ্টির পরিমাণ স্বাভাবিকের চেয়ে অনেকটাই বেশি। ঘন ঘন নিম্নচাপ অক্ষরেখা, ঘূর্ণাবর্ত প্রভৃতি তৈরি হওয়ার ফলে এটা হয়েছে। বঙ্গোপসাগর থেকে বেশি মাত্রায় জলীয় বাষ্প প্রবেশ করে রাজ্যজুড়ে বজ্রগর্ভ মেঘ তৈরির প্রবণতা এবার অনেকটাই বেশি। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, তার ফলে ১ মার্চ থেকে ১৭ মে পর্যন্ত রাজ্যে স্বাভাবিকের চেয়ে ২৭৭ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে। রাজ্যজুড়ে গড় বৃষ্টিপাতের পরিমাণ ২৭৭ মিলিমিটার (মিমি)। রাজ্যের মধ্যে সর্বাধিক বৃষ্টি হয়েছে জলপাইগুড়ি জেলায়। এর পরিমাণ ৭৩৬ মিমি। দক্ষিণবঙ্গে হাওড়া জেলায় সবচেয়ে বেশি ৩৩৬ মিমি বৃষ্টি হয়েছে। রাজ্যের সব জেলায় স্বাভাবিকের চেয়ে অন্তত ৫০ শতাংশের বেশি বৃষ্টি পেয়েছে। কলকাতায় বৃষ্টি হয়েছে ২৭৭ মিমি, যা স্বাভাবিকের চেয়ে ৭৭ শতাংশ বেশি। কয়েকটি জেলায় বৃষ্টি হয়েছে ১০০ শতাংশেরও বেশি!



