নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাংলাদেশ ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ ক্ষেত্র তৈরি হওয়ার সম্ভাবনা চলতি সপ্তাহে। মঙ্গলবার এই অঞ্চলে তৈরি হতে পারে ঘূর্ণাবর্ত। বৃহস্পতিবার নিম্নচাপ তৈরির প্রবল সম্ভবনা উত্তর বঙ্গোপসাগরে। বুধবার থেকে শুক্রবার দক্ষিণ ২৪পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সর্তকতা রয়েছে দক্ষিণবঙ্গের সাত জেলাতে। বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া এবং কলকাতাতে রয়েছে জেলাতে হলুদ সর্তকতা।
বুধবার ঝড় বৃষ্টির সম্ভাবনা কলকাতাতে। আজ ও কাল আংশিক মেঘলা আকাশ থাকবে। দু এক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে। বুধবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সর্তকতা জারি করা হয়েছে শহর জুড়ে।। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। বৃহস্পতিবার এবং শুক্রবারও বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতাতে।
আজ, সোমবার ভারী বৃষ্টির কোনো সতর্কবার্তা নেই উত্তরবঙ্গে। তবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সর্তকতা রয়েছে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে।
শুক্রবার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে ভারী বৃষ্টি সর্তকতা জারি করেছে হাওয়া অফিস। শনিবার বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়বে। উপরের দিকের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে সপ্তাহের শেষে।