নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি দূরে সরে যাওয়ার পর এবার পাহাড় লাগোয়া উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে। আগামী ৪ আগস্ট পর্যন্ত জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলার কিছু স্থানে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। তাই আবহাওয়া দপ্তর ‘কমলা’ সতর্কতা জারি করেছে। ভারী বৃষ্টির ‘হলুদ’ সতর্কতা দেওয়া হয়েছে দার্জিলিং ও কালিম্পং জেলার জন্যও। দক্ষিণবঙ্গের কোথাও আপাতত ভারী বৃষ্টির কোনো সতর্কতা নেই। হালকা থেকে মাঝারি মাত্রায় বর্ষার স্বাভাবিক বৃষ্টি চলবে। ৪ আগস্ট পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের এই তিন জেলায় বৃষ্টির বেশি ঘাটতি রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগর থেকে বেশি মাত্রায় জলীয় বাষ্প প্রবেশ করার কারণে উত্তরবঙ্গের পাহাড় লাগোয়া এলাকায় বেশি বৃষ্টির অনুকূল পরিস্থিতি আছে। অতিগভীর নিম্নচাপটি এদিন ওড়িশা ও লাগোয়া ছত্তিশগড়ের উপর ছিল। নিম্নচাপটি পশ্চিম দিকে অগ্রসর হবে। এর প্রভাবে ওড়িশার সঙ্গে ছত্তিশগড়ে বেশি মাত্রায় বৃষ্টি হচ্ছে। নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন মধ্যপ্রদেশ, মহারাষ্ট্রের বিদর্ভ এবং গুজরাতের কিছু এলাকায় বৃষ্টি বাড়বে। জানিয়েছে আবহাওয়া দপ্তর।



