দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টি, উত্তরবঙ্গে দুর্যোগের আশঙ্কা! শনিবার কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস?
  • ৩০ অক্টোবর, ২০২৬ ১৪:২৯
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ঘূর্ণিঝড় ‘অর্ণব’ ইতিমধ্যেই  ছত্তিশগড়ে নিম্নচাপে পরিণত হয়েছে। অন্যদিকে, বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরির সম্ভাবনা ঘিরে আবহাওয়ার পরিস্থিতির দিকে নজর রাখছে হাওয়া অফিস। তবে আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট কমার ইঙ্গিত মিললেও উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকছে। আগামীকাল, শনিবারও রাজ্যের একাধিক জেলায় আংশিক মেঘলা আকাশের পাশাপাশি বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

Advertisement

আবহাওয়া দপ্তরের শেষ বুলেটিন অনুযায়ী, শনিবার থেকে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমবে অধিকাংশ জেলাতেই মূলত শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা। তবে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ার দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ৩১ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের অধিকাংশ এলাকায় শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। যদিও আগামী সপ্তাহের মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে, শনিবার উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে বিভিন্ন এলাকায়। তবে ১ নভেম্বর থেকে ৫ নভেম্বর পর্যন্ত উত্তরবঙ্গের আবহাওয়ায় ধীরে ধীরে পরিবর্তন আসবে। আকাশ মূলত আংশিক মেঘলা থাকবে। কিছু এলাকায় শুষ্ক আবহাওয়া বিরাজ করলেও দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা থাকছে। কলকাতাতেও শনিবার বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম। আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। আপাতত শহরে শুষ্ক আবহাওয়ার পরিস্থিতি বজায় থাকার সম্ভাবনা। তবে আগামী সপ্তাহে ফের বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে।