সংবাদদাতা, মানবাজার: ফের বৃষ্টির পূর্বাভাস। আগামী ১৯ ও ২০নভেম্বর বৃহস্পতি ও শুক্রবার দু’দিন দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় রয়েছে ঝড়-বৃষ্টির সতর্কতা। নভেম্বরে এমন অকাল বৃষ্টির সতর্কতা ঘিরে উদ্বেগে চাষিরা। পরিস্থিতি যা তাতে মাঠে পড়ে থাকা কাটা ধান দ্রুত বাড়িতে তুলে নেওয়ার তৎপরতা দেখা দিয়েছে পুরুলিয়ার মানবাজার এলাকার চাষিদের মধ্যে। কোথাও চলছে ধান কাটার কাজ তো কোথাও আবার কাটা ধান বাড়িতে তোলার ব্যস্ততা এখন তুঙ্গে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ওই দু’দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির সঙ্গে ঝড় ও দমকা হাওয়ার সম্ভাবনার কথাও জানানো হয়েছে। এই পূর্বাভাসে পাকা ধান বাঁচাতে ঘরে তোলার তৎপরতা বেড়েছে কৃষকদের।
মানবাজার মহকুমার বিভিন্ন এলাকায় পেকেছে আমন ধান। পাকা ধান কাটার কাজ চলছে। অনেক চাষির ধান ইতিমধ্যেই কাটা হয়েছে। কিন্তু সেই ধান এখনও মাঠে পড়ে। বৃষ্টি হলে কাটা ধান ভিজলে অংকুর হওয়ার সম্ভাবনা তৈরি হয়। ফসল নষ্টে আর্থিক ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকে চাষিদের। তাই যত দ্রুত সম্ভব মাঠের ফসল বাড়িতে তোলার চেষ্টা করছেন চাষিরা।
মানবাজারের এক কৃষক মানিক বাউরির কথায়, ক’দিন আগেই ধান পেকেছে। তা কাটার পর জমিতেই পড়ে আছে। বৃষ্টি হলে সেই ধান ভিজে নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। তাই যতটা সম্ভব তাড়াতাড়ি বাড়িতে ধান তুলে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। অন্য এক কৃষক হৃদয় মাহাতো বলেন, শুনেছি বৃহস্পতি ও শুক্রবার বৃষ্টির পূর্বাভাস আছে। সেই কারণে তাড়াতাড়ি ধান কাটার পর তা বেঁধে বাড়িতে তোলার চেষ্টা হচ্ছে। যাতে জল পেয়ে ফসল নষ্ট না হয়।
সোমবার থেকেই মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে পুরুলিয়ায়। বৃষ্টির পূর্বাভাস পেতে পেতেই জেলার চাষিরা কেউ গোরুর গাড়িতে করে তো কেউ মাথায় করে ধান বাড়ি নিয়ে যাচ্ছেন। সোমবার থেকে বেড়েছে ব্যস্ততা। কাউকে আবার তড়িঘড়ি যন্ত্রের সাহায্যে ধান কেটে ঝাড়াই-মাড়াই করে বাড়ি নিয়ে যেতে দেখা যাচ্ছে।
হাওয়া অফিস বলছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ও সম্ভাব্য ঘূর্ণিঝড়ের প্রভাবে এই বৃষ্টি হতে পারে। তবে পূর্বাভাস অনুযায়ী পুরুলিয়া ও বাঁকুড়ায় ঠিক কত বৃষ্টি হয় সেটাই এখন কৃষকদের চর্চায়।



