নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: প্রায় দিনভর বৃষ্টির জেরে বিপর্যস্ত গাঙ্গেয় হুগলির বড় এলাকা। লাগাতার বৃষ্টির জেরে হুগলির একাধিক পুরসভার বেশ কিছু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। ব্যান্ডেল থেকে কোন্নগর বিভিন্ন স্টেশনের সাবওয়েতে জল জমে যাওয়ায় বিঘ্ন হয়েছে যাতায়াত। এদিন দুপুরে স্রোতের মতো জল বয়ে যেতে দেখা গিয়েছে শ্রীরামপুর, বৈদ্যবাটি সহ একাধিক রেলস্টেশন এলাকায়। ডানকুনি থেকে শ্রীরামপুর, চন্দননগর থেকে চুঁচুড়া, ব্যান্ডেল সর্বত্রই নিচু এলাকায় জল জমে গিয়েছে। কোথাও কোথাও ভৌগোলিক কারণে, আবার কোথাও নিকাশি সমস্যার জেরে জল থইথই অবস্থা হয়েছে। জল জমায় ব্যান্ডেলের সাবওয়েতে যাতায়াত কার্যত বন্ধ হয়ে গিয়েছিল।
জেলার কৃষিদপ্তর জানিয়েছে, জুলাই মাসের প্রথম সপ্তাহে গড় স্বাভাবিক বৃষ্টির থেকে গত ২৪ ঘণ্টায় বেশি বৃষ্টিপাত হয়েছে। সেই নিরিখে সোমবার রাত থেকে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। কৃষকদের দাবি, মাঠেঘাটে অনেক জায়গায় জল জমে গিয়েছে। তাতে সব্জির ক্ষতি হবে। অন্যদিকে, ব্যাপক বৃষ্টিপাতের জেরে মাচায় হয় এমন সব্জির ফুল ঝরে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। কৃষিকর্তাদের দাবি, বীজতলা কোথাও ক্ষতিগ্রস্ত হয়নি। বিভিন্ন পুরসভার কর্তারা দাবি করেছেন, জল জমলেও তা নেমে গিয়েছে। যেখানে সমস্যা আছে, সেখানে পাম্প ব্যবহার করে জল বের করে দেওয়া হবে।
সোমবার রাত ৮টা থেকে হুগলির বিভিন্ন এলাকায় অঝোর বৃষ্টি হয়। গভীর রাতে কিছু সময়ের জন্য বন্ধ হলেও ভোররাত থেকে ফের বৃষ্টি শুরু হয়। মঙ্গলবার সকাল ৮টার থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত লাগাতার কম-বেশি বৃষ্টি হয়েছে। দুপুরে ঘণ্টা দু’য়েক বৃষ্টির দাপট ছিল না। এদিন সকাল থেকে বাজারহাটে সেভাবে ক্রেতাদের দেখা যায়নি। সব্জি থেকে মাছবাজার সর্বত্রই বৃষ্টির দাপটে বিকিকিনি কার্যত হয়নি। সকালের পর্বে মুষলধারার কারণে অফিস, কাছারিতে যেতে গিয়ে ভোগান্তি হয়েছে নিত্যযাত্রীদের। হাওড়া-ব্যান্ডেল শাখায় ট্রেন চলেছে ধীরগতিতে। সব মিলিয়ে বৃষ্টির দাপটে মঙ্গলবারের জনজীবন অনেকটাই বিপর্যস্ত হয়েছে। পাশাপাশি, বৃষ্টির দাপটের কারণে কাঁচা সব্জির মূল্যবৃদ্ধির সম্ভাবনাও দেখা দিয়েছে।