Bartaman Logo
১৮ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

বৃষ্টিতে যানজট, নাকাল শহর

সকাল থেকে নাছোড় বৃষ্টি, একাধিক রাস্তায় জল জমা, তার উপর ছিল মিছিল। সব মিলিয়ে শুক্রবার অফিস টাইমে যানজটে নাকাল হল শহর কলকাতা।

বৃষ্টিতে যানজট, নাকাল শহর
  • ২০ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সকাল থেকে নাছোড় বৃষ্টি, একাধিক রাস্তায় জল জমা, তার উপর ছিল মিছিল। সব মিলিয়ে শুক্রবার অফিস টাইমে যানজটে নাকাল হল শহর কলকাতা। জমা জল ঠেলে, যানজটে থমকে থমকে গন্তব্যে পৌঁছাতে বিস্তর কাঠখড় পোড়াতে হয়েছে অফিসযাত্রী থেকে সাধারণ মানুষকে। 

Advertisement

বৃষ্টি হলে এমনিতেই কলকাতা শহরে যান চলাচলের গতি শ্লথ হয়ে যায়। কলকাতা ট্রাফিক পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সল্টলেকের সুকান্ত নগর, নিকো পার্কের কাছে জল জমার কারণে চিংড়িঘাটা ক্রসিংয়ে যানবাহনের বাড়তি চাপ তৈরি হয়। একটা সময় সল্টলেকের দিকে যানবাহন থমকে যায়। যানজটে অবরুদ্ধ হয়ে পড়ে রাস্তা। মা ফ্লাইওভারে গাড়ি খারাপ হওয়ার কারণে সংলগ্ন অংশ যানজটের কবলে পড়ে।  
যোগ দিবসের অনুষ্ঠানের জন্য রেড রোড বন্ধ রয়েছে। তারও কিছুটা প্রভাব পড়েছে হসপিটাল রোড, এক্সাইড মোড় এবং ময়দান সংলগ্ন রাস্তাগুলিতে। এদিন দুপুরে বামপন্থী শিক্ষক সংগঠনের মিছিল এবং অবস্থানের কারণে মৌলালি, এস এন ব্যানার্জি রোড, ডোরিনা ক্রসিংয়ে যানজট হয়। থিয়েটার রোডে জল জমার ফলে দক্ষিণ কলকাতার একাংশ যানজটের কবলে পড়ে। এদিকে, শহরের অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা সেন্ট্রাল অ্যাভিনিউয়ে জায়গায় জায়গায় জল জমে যাওয়ায় যানবাহন থমকে যায়। গিরিশ পার্ক, ঠনঠনিয়া কালীবাড়িতে জল জমেছিল। ফলে সংলগ্ন এলাকার রাস্তাগুলিতে মারাত্মক যানজট হয়। সাতসকাল থেকে অঝোর ধারায় বৃষ্টির কারণে এদিন এমনিতেই রাস্তায় যানবাহন অন্যান্য কাজের দিনের তুলনায় কম ছিল। তাই বাস বা অন্যান্য যানবহান ধরতে গিয়েও দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়েছে। তবে দিনভর স্বাভাবিকই ছিল মেট্রো রেলের পরিষেবা।

Advertisement
সম্পর্কিত সংবাদ