বৃষ্টি ও হাতির হামলায় বিপর্যয়, দিশেহারা কেশিয়াড়ির চাষিরা
  • ২৬ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বেলদা: একদিকে অসময়ের নিম্নচাপের বৃষ্টিতে জলের তলায় ধানক্ষেত, অন্যদিকে দলমার হাতির দলের তাণ্ডবে তছনছ ফসলের জমি। জোড়া বিপর্যয়ে কার্যত দিশেহারা কেশিয়াড়ি ব্লকের খাজরা গ্রাম পঞ্চায়েত এলাকার চাষিরা। কয়েক দিনের ব্যবধানে পরপর দু’টি আঘাতে কয়েকশো একর জমির ফসল নষ্ট হওয়ায় মাথায় হাত কৃষকদের। গত কয়েক দিন আগে কলাইকুণ্ড জঙ্গল থেকে পঞ্চাশটিরও বেশি হাতির একটি দল ঢুকে পড়ে খাজরা গ্রাম পঞ্চায়েতের লেংগামারা, বড়শোল, কুশগেড়িয়া, গিলাগেড়িয়া ও চৈতন্যপুর গ্রামে। হাতির দলটি ধানক্ষেতের  ক্ষতি করার পাশাপাশি বিভিন্ন গ্রামের সবজি খেতেও তাণ্ডব চালায়। এর আগে নিম্নচাপের বৃষ্টিতে বহু চাষির ধান জলের তলায় চলে গিয়েছিল। তার উপর হাতির হামলায় অবশিষ্ট ফসলও নষ্ট হওয়ায় চরম অনিশ্চয়তায় দিন কাটছে কৃষকদের। সারা বছরের পরিশ্রমের ফসল এভাবে নষ্ট হয়ে যাওয়ায় কীভাবে সংসার চলবে, তা ভেবেই দুশ্চিন্তায় তাঁরা।

Advertisement

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, পাঁচটি গ্রামের অধিকাংশ কৃষিজমিই ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত চাষিদের তালিকা তৈরি করে জেলায় পাঠাচ্ছে কৃষিদপ্তর। অন্যদিকে, হাতির হামলায় ক্ষতিগ্রস্তদের কাছ থেকে আলাদা করে ক্ষতিপূরণের আবেদন নিচ্ছে বনদপ্তর। ইতিমধ্যে ২০০ জনেরও বেশি চাষি আবেদন জমা দিয়েছেন। সরেজমিনে তদন্তের পর রাজ্যেও রিপোর্ট পাঠানো হচ্ছে।
বুধবার দাঁতন-২ ব্লক অফিসে কৃষিদপ্তরের পক্ষ থেকে ডাল শস্যের আত্মনির্ভরতার বিষয় একটি অনুষ্ঠানের আয়োজন ছিল। অনুষ্ঠানে যোগ দিতে এসে রাজ্যের কৃষিদপ্তরের প্রতিমন্ত্রী অমিয় কিস্কু বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্য সরকার ক্ষতিগ্রস্ত চাষিদের পাশে রয়েছে। দ্রুত ক্ষতির পরিমাণ নিরূপণ করে তাঁদের ব্যাংক অ্যাকাউন্টে ক্ষতিপূরণের অর্থ পৌঁছে দেওয়া হবে। হাতির হামলায় ক্ষতিগ্রস্তদের জন্য বনদপ্তরের পক্ষ থেকেও পৃথকভাবে ক্ষতিপূরণের ব্যবস্থা করা হচ্ছে।