নয়াদিল্লি: রেলে যাত্রী নিরাপত্তা নিয়ে অভিযোগের অন্ত নেই। গত জুনে মুম্বইতে ভিড়ের চাপে লোকাল ট্রেন থেকে পড়ে গিয়ে সাত যাত্রীর মৃত্যুর ঘটনায় দেশজুড়ে হইচই পড়ে গিয়েছিল। চাপের মুখে তখন ট্রেনের কামরায় সিসি ক্যামেরা বসানোর কথা ঘোষণা করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তড়িঘড়ি উত্তর রেলের কিছু ট্রেনে তা বসানো হয়েছিল। সবটাই ছিল পরীক্ষামূলক। এবার প্রতিটি কামরায় সিসি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নিল ভারতীয় রেল। রবিবার আনুষ্ঠানিকভাবে একথা ঘোষণা করা হয়। বাদ পড়বে না ইঞ্জিন। ক্যামেরার আওতায় আসছে সেগুলিও।
রেলের কামরা ও ইঞ্জিনে সিসি ক্যামেরা বসানোর বিষয়টি পর্যালোচনায় গতকাল বৈঠকে বসেছিলেন বৈষ্ণব। উপস্থিত ছিলেন রেলমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী রবনীত সিং বিট্টু এবং রেল বোর্ডের পদস্থ আধিকারিকরা। এই বৈঠকে পরিকল্পনা রূপায়ণে রেল বোর্ডকে সবুজ সঙ্কেত দেন রেলমন্ত্রী।
প্রাথমিকভাবে স্থির হয়েছে, ৭৪,০০০ কামরা এবং ১৫,০০০ ইঞ্জিনের প্রতিটিতে উচ্চ ক্ষমতার সিসি ক্যামেরা বসানো হবে। প্রতিটি কামরায় থাকবে চারটি ক্যামেরা। যেগুলি কম আলোতেও কাজ করবে। এমনকী ট্রেন ঘণ্টায় ১০০ কিলোমিটারের বেশি গতিতে ছুটলেও উচ্চমানের ফুটেজ ধরা পড়বে। যাত্রীদের ব্যক্তিগত গোপনীয়তার কথা মাথায় রেখে সিসি ক্যামেরাগুলি বসানো হবে দরজার কাছে কমন এরিয়ায়। অন্যদিকে, ট্রেনের ইঞ্জিনে বসানো হবে ছ’টি করে সিসি ক্যামেরা। এগুলি বসানো হবে সামনে ও পিছনের দরজা এবং ডেস্কে। পরিকল্পনা রূপায়ণে রেলের কত টাকা খরচ হবে, সেই বিষয়ে সরকারিভাবে কিছু জানানো হয়নি।