Bartaman Logo
২৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

হকারি বন্ধ করবে রেল, ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী ঝালমুড়ি বিক্রেতা

কাঁকিনাড়া স্টেশনের কাছে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন ঝালমুড়ি বিক্রেতা কার্তিক সাউ। রেলের নতুন নীতির চাপের কারণে এই ঘটনা ঘটেছে। বিস্তারিত পড়ুন।

হকারি বন্ধ করবে রেল, ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী ঝালমুড়ি বিক্রেতা
  • ২৯ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বরানগর: রবিবার শিয়ালদহ মেইন শাখার কাঁকিনাড়া স্টেশনের কাছে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হন ঝালমুড়ি বিক্রেতা কার্তিক সাউ (৫৯)। তাঁর বাড়ি কাঁকিনাড়ার ফিঙ্গাপাড়া পদ্মপুকুর রোডে। পরিবারের সূত্রে জানা গিয়েছে, তিনি ট্রেনে ঝালমুড়ি বিক্রি করতেন। উপার্জনের সেই টাকাতেই চলত সংসার। সম্প্রতি ট্রেনে হকারি করা নিয়ে রেলের কড়াকড়ি বেড়েছে। তা নিয়ে কার্তিকবাবু চরম দুশ্চিন্তায় ভুগছিলেন।

Advertisement

মৃতের ছেলে রাহুল বলেন, ‘গত সপ্তাহে রেল বাবাকে ১ হাজার ৪০০ টাকা জরিমানা করেছিল। সেই জরিমানার টাকা জোগাড় করতে কালঘাম ছুটে গিয়েছিল বাবার। আরও মানসিক চাপে পড়ে গিয়েছিলেন। শনিবার বাড়িতে এসে হতাশার কথা জানিয়েছিলেন। তারপর এই ঘটনা ঘটল।’ কার্তিকবাবুর সহকর্মীদের দাবি, ১ জুলাই থেকে ট্রেনে সম্পূর্ণভাবে হকারি বন্ধ করে দেওয়া হবে বলে রেল জানিয়েছে। এই আশঙ্কা গ্রাস করেছিল কার্তিকবাবুকে। তাঁর পরিবার জানায়, শনিবার ঝালমুড়ির বাক্স নিয়ে বাড়ি থেকে বের হন। দুপুরে বাড়ি ফিরে খাওয়াদাওয়া করে আবার বিকেলে বেরন। রাতে ফেরেননি। রবিবার সকাল আটটা নাগাদ কাঁকিনাড়া স্টেশনের কাছে আপ মা তারা এক্সপ্রেসের সামনে ঝাঁপ দেন। ঘটনাস্থলেই মৃত্যু হয়। তাঁর ঝালমুড়ির বাক্সটি কাঁকিনাড়া স্টেশনের একটি দোকান থেকে উদ্ধার হয়েছে। 
কার্তিকবাবুই ছিলেন পরিবারের প্রধান রোজগেরে সদস্য। বাড়িতে আছেন স্ত্রী, বৃদ্ধা মা, বিবাহিত ছেলে। এক মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। রেল পুলিশ আত্মহত্যার কারণ নিয়ে কোনো মন্তব্য করেনি। ঘটনার পর কেন্দ্রীয় সরকারের নীতির সমালোচনায় সরব হন সিটু নেত্রী গার্গী চট্টোপাধ্যায়। তাঁর বক্তব্য, ‘নির্বাচনী প্রচারে ঝাড়গ্রামে ঝালমুড়ি কিনে খেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রচারের আলো কুড়িয়েছিলেন। অথচ আজ এক ঝালমুড়ি বিক্রেতা জীবিকা হারানোর আশঙ্কায় আত্মঘাতী হলেন।’

Advertisement
সম্পর্কিত সংবাদ