Bartaman Logo
২২ জুলাই, ২০২৬

কাশ্মীরে পর্যটক ফেরাতে ৭টি প্যাকেজ ট্যুর রেলের, ৩ জুন কলকাতা থেকে ‘জন্নত ই কাশ্মীর’

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর থেকেই জম্মু-কাশ্মীরের পর্যটন কার্যত মুখ থুবড়ে পড়েছে। কিছু ক্ষেত্রে ব্যতিক্রম রয়েছে ঠিকই।

কাশ্মীরে পর্যটক ফেরাতে ৭টি প্যাকেজ ট্যুর রেলের, ৩ জুন কলকাতা থেকে ‘জন্নত ই কাশ্মীর’
  • ২৮ মে, ২০২৫ ১৫:০৫
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর থেকেই জম্মু-কাশ্মীরের পর্যটন কার্যত মুখ থুবড়ে পড়েছে। কিছু ক্ষেত্রে ব্যতিক্রম রয়েছে ঠিকই। তবে সার্বিকভাবে পরিস্থিতি যে মোটেও আশাব্যঞ্জক নয়, তা মেনে নিচ্ছেন পর্যটন ব্যবসায়ীরাও। আর এই পরিস্থিতিতে জম্মু-কাশ্মীরে পর্যটক ফেরাতে মোদি সরকারের অন্যতম ভরসা হয়ে দাঁড়িয়েছে রেল। আগামী ১০ দিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে অন্তত সাতটি জম্মু-কাশ্মীরমুখী প্যাকেজ ট্যুরের আয়োজন করছে রেলমন্ত্রকের আওতাধীন সংস্থা আইআরসিটিসি। জম্মু-কাশ্মীর প্যাকেজ ট্যুরের এই তালিকায় সংযোজিত হয়েছে মাতা বৈষ্ণোদেবীর মন্দির থেকে চেনাব রেল সেতু। কলকাতা থেকেও আয়োজন করা হচ্ছে প্যাকেজ টুরের। সেই তালিকায় সংযোজিত হয়েছে পহেলগাঁও। 

Advertisement

রেলমন্ত্রকের কর্তাদের দাবি, ভয় কাটছে সাধারণ পর্যটকদের। তাই সাড়া মিলছে যথেষ্টই। কলকাতার প্যাকেজ ট্যুরের নাম দেওয়া হয়েছে ‘জন্নত ই কাশ্মীর।’ মোট ১১ রাত ১২ দিনের সফর। ঘোরানো হবে জম্মু, শ্রীনগর, গুলমার্গ, সোনমার্গ এবং পহেলগাঁও। আগামী ৩ জুন এই যাত্রা শুরু হবে। বুকিং শুরু হচ্ছে মাথাপিছু ২৫ হাজার ৩০০ টাকা থেকে। দিল্লি থেকে এই সংক্রান্ত একটি ট্যুর শুরু হবে আগামী ১ জুন। তিন রাত চার দিনের এই ট্যুরে অন্তর্ভুক্ত থাকছে মাতা বৈষ্ণোদেবী দর্শন এবং চেনাব রেল সেতুর পরিদর্শন। দিল্লির এই ট্যুরের প্যাকেজ মূল্য শুরু হচ্ছে মাথাপিছু ১০ হাজার ৪৫৫ টাকা থেকে। 
একইরকম আরও একটি টুর মুম্বই থেকেও শুরু হচ্ছে। তালিকায় রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লোকসভা কেন্দ্র বারাণসীও। রেলমন্ত্রকের আধিকারিকদের দাবি, প্যাকেজ টুরের ক্ষেত্রে এই মুহূর্তে বহু পর্যটকই আইআরসিটিসি ট্যুরিজমের উপর ভরসা করছেন। দেশব্যাপী এবং দেশের বাইরে নিয়মিতভাবে পর্যটনের আয়োজন করা হয়। নিয়মিতভাবে জম্মু-কাশ্মীরেও প্যাকেজ টুরের আয়োজন করা হতো। তবে মাসখানেক ধরে তাতে কিছুটা ভাঁটা পড়েছিল। ফের রেলের যাবতীয় পর্যটন ব্যবস্থাকে ঢেলে সাজানো হচ্ছে। সম্প্রতি তেমনই নির্দেশ এসেছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ