চেন্নাই, ২৯ অক্টোবর: সিনেমার পর্দায় হেনস্তার হাত থেকে মহিলাদের বাঁচাতেন থালাপতি বিজয়। কিন্তু বাস্তবের মাটিতে এক ছাত্রীকে যৌন হেনস্তা করলেন তাঁর দলেরই এক নেতা। কন্যাকুমারীতে এক দ্বিতীয় বর্ষের কলেজ ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল টিভিকে নেতা ক্রিস্টোফারের বিরুদ্ধে। নির্যাতিতা পুলিশে অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে আজ ওই নেতাকে গ্রেপ্তার করে পুলিশ।
চলতি মাসের শুরুতে ওই ছাত্রী ও তাঁর বান্ধবী কলেজ ছুটির পর বাস ধরার জন্য অপেক্ষা করছিলেন। সেই সময় ক্রিস্টোফার তাঁদের দুজনকে লিফট দেওয়ার প্রস্তাব দেন। বৃষ্টি পড়ছিল বলে তাঁরা দু’জন ওই নেতার কথায় রাজি হয়ে যান। অভিযোগ, প্রথমে বান্ধবীকে নামিয়ে দিয়ে তাঁর বাড়ির দিকে যাওয়ার সময় মাঝপথে গাড়ি থামিয়ে দেয় ক্রিস্টোফার। তারপর মেয়েটিকে যৌন হেনস্তা করে সেখান থেকে পালিয়ে যায়। ছাত্রীটি বাড়ি ফিরে তাঁর বাবা-মাকে সমস্ত ঘটনা জানায়। এরপর থানায় ক্রিস্টোফারের নামে অভিযোগ দায়ের করা হয়। মামলা দায়ের হওয়ার পর থেকেই পলাতক ছিল ওই টিভিকে নেতা। তার খোঁজে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। অবশেষে পুলিশের জালে ধরা পড়ল ওই অভিযুক্ত। অভিযোগের ভিত্তিতে আজ ক্রিস্টোফারকে গ্রেপ্তার করে পুলিশ।



