নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: একধাক্কায় একসঙ্গে ৩৭টি ডিভিশনের ডিআরএম (ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার) পরিবর্তন করল রেলমন্ত্রক। শুক্রবার মাঝরাতে আচমকাই এ বিষয়ে সার্কুলার জারি করেছে রেল বোর্ড। রেলে এই মুহূর্তে ডিভিশনের সংখ্যা ৭০টি। অর্থাৎ, এক লপ্তে তার অর্ধেকেরও বেশি রেল শাখায় ডিআরএম পদে পরিবর্তন করা হল। আনুষ্ঠানিকভাবে রেল বোর্ড শুধুমাত্র জানিয়েছে যে, এটি রুটিন বদলি। এর মধ্যে কোনো জল্পনার অবকাশই নেই। বাংলার ক্ষেত্রে ডিআরএম পরিবর্তন হয়েছে দু’টি ডিভিশনে। শিয়ালদহ এবং মালদহ টাউন। দু’টোই পূর্ব রেলওয়ে জোনের আওতায় রয়েছে। শিয়ালদহ ডিভিশনের ডিআরএম করা হয়েছে মনোজকুমার গাঙ্গেয়কে। মালদহ টাউনের ডিআরএম হয়েছেন অর্চনা মিত্তাল।
কিন্তু রেলমন্ত্রকের শীর্ষ সূত্রে জানানো হয়েছে যে, দেশব্যাপী রেলের বিভিন্ন প্রকল্প রূপায়ণে গতি আনতেই এমন প্রয়োজনীয় পদক্ষেপ করা হয়েছে। কারণ, আগামী বছর রাজ্যে রাজ্যে বিধানসভা নির্বাচন এবং ২০২৯ সালে লোকসভা ভোটের প্রেক্ষিতে রেলের প্রকল্পগুলিতে আরও গতি আনার নির্দেশ এসেছে খোদ প্রধানমন্ত্রীর দপ্তর থেকে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব নিয়মিতাবে রেলকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করছেন। কথা বলছেন বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গেও। সম্প্রতি যেমন দিল্লিতেই রেলভবনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে রেলমন্ত্রীর দীর্ঘ বৈঠক হয়েছে। এই প্রক্রিয়া চালু আছে অন্যান্য রাজ্যের ক্ষেত্রেও। বাংলা সহ বিভিন্ন রাজ্যের রেল প্রকল্পের কাজে নজরদারির জন্য রাজ্যপিছু একজন করে নোডাল অফিসারও নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছেন রেলমন্ত্রী।



