সংবাদদাতা, খড়্গপুর: রাজ্যের ক্ষমতায় ডবল ইঞ্জিন সরকার। তবুও রেল শহর খড়্গপুরে রেল এলাকার বেশিরভাগ রাস্তাই বেহাল! তালিকায় আছে খোদ মন্ত্রী দিলীপ ঘোষের বাংলোর সামনের রাস্তাও। বাসস্ট্যান্ড সংলগ্ন গোলবাজারের রাস্তার অবস্থাও করুণ। ডবল ইঞ্জিন সরকারের আমলেও রেল শহরের এই সব গুরুত্বপূর্ণ রাস্তার বেহাল দশায় ক্ষুব্ধ শহরবাসী। রাস্তার বেহাল দশার কথা কার্যত স্বীকার করে নিয়েছেন খড়্গপুর সদরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। এই বিষয়ে অবিলম্বে রেল কর্তাদের সঙ্গে দেখা করে কথা বলার আশ্বাস দেন তিনি। অন্যদিকে, রাজ্যের ডবল ইঞ্জিন সরকারের উদ্দেশে কটাক্ষ ছুঁড়ে দিয়েছে বাম, কংগ্রেস ও তৃণমূলের দুই শিবির।
খড়্গপুর শহরের বাসিন্দা রজনীশ কুমার, জয়দীপ মাইতি, রিম্পা পালরা বলেন, শহরের ১৫, ১৮, ২০, ২১, ২২, ২৭ নম্বর ওয়ার্ডের একাধিক রাস্তার একেবারে বেহাল দশা। সাউথ সাইডে মন্ত্রীর বাংলোর সামনের রাস্তাও জরাজীর্ণ, ভাঙাচোরা অবস্থায় রয়েছে। গোলবাজার-খরিদা গুরুত্বপূর্ণ রাস্তাতেও বড়ো বড়ো গর্ত। পিচ উঠে পাথর বেরিয়ে গিয়েছে বেশিরভাগ অংশে।
ওই রাস্তাগুলি রেলের অধীনে। দীর্ঘদিন ধরে রাস্তাগুলির সংস্কার না হওয়ায় এখন চলাচল করাই দায় হয়ে পড়ছে। খড়্গপুর পুরসভার সদ্য অপসারিত চেয়ারপার্সন কল্যাণী ঘোষ বলেন, আমরা একাধিকবার এনিয়ে রেলকে চিঠি দিয়েছি। রাজ্যে পালাবদলের পর মন্ত্রীকেও রেল এলাকার রাস্তা ও নিকাশির বিষয়ে জানানো হয়েছে।
ঋতব্রত-তৃণমূলের জেলা সভাপতি প্রদীপ সরকার বলেন, অতীতে খড়্গপুরের মানুষ দেখেছেন রেল সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার পরিবর্তে রাস্তা বন্ধ করে দিয়েছে। এমনকি, আমরা পুরসভার তরফে রাস্তা সংস্কারের উদ্যোগ নিলেও বাধা পেয়েছি। এখন তো রাজ্যে ডবল ইঞ্জিন সরকার। স্বাভাবিকভাবেই মানুষের আশা-আকাঙ্খা বেড়েছে। আশা করব এই বিষয়ে স্থানীয় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী দিলীপ দা উদ্যোগ নেবেন। এদিকে, বাম নেতা অনিল দাস, বিপ্লব ভট্ট, কংগ্রেস নেতা দেবাশিস ঘোষদের কটাক্ষ, দূষণ থেকে নিকাশি কিংবা বেহাল রাস্তা, কোনো বিষয়েই বর্তমান সরকারকে উদ্যোগ নিতে দেখা যাচ্ছে না। রেলের তরফেও গত ছ’মাসে রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি। এনিয়ে মন্ত্রী দিলীপ ঘোষ সোমবার বলেন, আমাদের প্রতিনিধিদল রেলওয়ে আধিকারিকদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। একটু সময় লাগবে। তবে সব রাস্তারই সংস্কার হবে।



