কামরার গেটের সামনে ভিড় নয়, সতর্ক করল রেল পুলিশ
  • ৩০ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বারুইপুর: প্রায়ই দেখা যায় ট্রেন কম্পার্টমেন্টের গেটের সামনে অযথা ভিড় করে জায়গা আটকে রাখা হয়েছে। রুমাল ও ব্যাগ রেখে কামরায় জায়গা দখল করা হয়েছে। এই জিনিস আর চলবে না। রবিবার বারুইপুর স্টেশনে ট্রেনের কামরায় গিয়ে মাইকে একথা ঘোষণা করে সকলকে সতর্ক করল বারুইপুর জিআরপি ও আরপিএফ। নিয়ম না মানলে নেওয়া হবে কড়া ব্যবস্থা- জানালেন অফিসাররা। এই অভিযান লাগাতার চলবে বলে জানিয়েছেন বারুইপুর জিআরপির ওসি প্রতাপচন্দ্র পাত্র। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন যাত্রীরা।

Advertisement

রবিবার বারুইপুর স্টেশনে চলে এই অভিযান। ছিলেন বারুইপুর জিআরপি -র ওসি প্রতাপ চন্দ্র পাত্র সহ আরপিএফের অফিসাররা। রীতিমতো ট্রেনের কামরায় উঠে সতর্ক করা হয় যাত্রীদের। মাইকে বারংবার ঘোষণা করা হয়- ট্রেনের কম্পার্টমেন্টের গেটের সামনে ভিড় করে অসুবিধা সৃষ্টি করলে নেওয়া হবে কড়া ব্যবস্থা। বলা হয়, মহিলা কামরায় কোনো পুরুষ যাত্রী উঠলেই নেওয়া হবে ব্যবস্থা। ট্রেনে যাতায়াতের সময়ে মোবাইল, ব্যাগ যাত্রীদের নিজেদের সুরক্ষিত রাখার উপরেও জোর দেওয়া হয়। জিআরপির অফিসাররা বলেন, লক্ষ্মীকান্তপুর শাখার বারুইপুর থেকে নামখানা স্টেশন পর্যন্ত লাগাতার অভিযান চলবে। ডায়মন্ডহারবার স্টেশন পর্যন্তও হবে অভিযান।  নিজস্ব চিত্র