Bartaman Logo
১৭ জুন, ২০২৬
বর্তমান / খেলা

কলকাতা লিগে আজ প্রতিপক্ষ রেলওয়ে এফসি, দ্রুত গোল তুলতে মরিয়া মোহন বাগান

সোমবার ঘরোয়া লিগের তৃতীয় ম্যাচ খেলতে নামবে মোহন বাগান। বারাকপুর স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ রেলওয়ে এফসি।

কলকাতা লিগে আজ প্রতিপক্ষ রেলওয়ে এফসি, দ্রুত গোল তুলতে মরিয়া মোহন বাগান
  • ৭ জুলাই, ২০২৫ ১৬:০৭
Prefer us on Google

অম্বরীশ চট্টোপাধ্যায়  কলকাতা

Advertisement

সোমবার ঘরোয়া লিগের তৃতীয় ম্যাচ খেলতে নামবে মোহন বাগান। বারাকপুর স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ রেলওয়ে এফসি। প্রথম ম্যাচে পুলিস এসির কাছে হারের পর কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে জয়ের সরণিতে ফিরেছে সবুজ-মেরুন ব্রিগেড। এবার রেলকে লাইনচ্যুত করে ধারাবাহিকতা বজায় রাখাই লক্ষ্য ডেগি কার্ডোজো বাহিনীর।
ডুরান্ড কাপের জন্য কলকাতার সব মাঠ নিয়ে নিয়েছে সেনাবাহিনী। তাই মোহন বাগানকে এদিন প্রস্তুতি সারতে হয়েছে নিউটাউনের সেন্টার অব এক্সেলেন্সের কৃত্রিম ঘাসের মাঠে। তার উপর তিন দিনের ব্যবধানে ম্যাচ খেলতে নামছে সবুজ-মেরুন ব্রিগেড। ক্লান্তির পাশাপাশি অ্যাস্ট্রো টার্ফের মাঠে চোট লাগার সম্ভাবনাও প্রবল। তাই রবিবার ঘণ্টাখানেকের মহড়ার পরেই অনুশীলনে ইতি টানলেন কোচ ডেগি। চোটের জন্য রেলওয়ের বিরুদ্ধে তুষার ও মুথার অনিশ্চিত। উইনিং কম্বিনেশন ভাঙার ইচ্ছা নেই কোচ ডেগির। তবে শেষ মুহূর্তেই দল নিয়ে চুড়ান্ত সিদ্ধান্ত নেবেন তিনি। এদিন অনুশীলন শেষে সবুজ-মেরুন কোচ বলেন, ‘রেলওয়ে দলে ময়দানে অভিজ্ঞ ফুটবলাররা রয়েছে। তাই ওদের হালকাভাবে নিলে মুশকিল।  শুরুতে গোল করে প্রতিপক্ষের উপর চাপ তৈরি করাই হবে প্রাথমিক লক্ষ্য।’ তবে সোমবার ডাগ-আউটে নাও থাকতে পারেন ডেগি। কারণ, কোচদের এলিট কোর্সে যোগ দেবেন মোহন বাগান কোচ।
এদিকে, তিন ম্যাচে দু’টি হার ও একটি জয় রয়েছে রেলওয়ে এফসি’র। লিগ টেবিলে ৯ নম্বরে তারা। মোহন বাগানকে পরাস্ত করা পুলিস এসি’কে হারিয়ে চমক দিয়েছে। দলে প্রাক্তন মোহন বাগানী সায়ন দাসের পাশাপাশি তারক হেমব্রমের মতো ফুটবলার রয়েছে। অভিজ্ঞতা কাজে লাগিয়ে মোহন বাগানের বিরুদ্ধে পুরো পয়েন্ট তুলতে মরিয়া রেলওয়ে। 
 বারাকপুর স্টেডিয়ামে ম্যাচ শুরু দুপুর ৩টে। সম্প্রচার এসএসইএন অ্যাপে।

Advertisement
সম্পর্কিত সংবাদ