Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

শালবনীতে লেভেল ক্রসিং বন্ধ করতে গিয়ে বিক্ষোভের মুখে রেল

শালবনীতে লেভেল ক্রসিং বন্ধ করতে গিয়ে বিক্ষোভের মুখে রেল
  • ১৭ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: রবিবার শালবনী ব্লকের মণ্ডলকুপিতে একটি লেভেল ক্রসিং বন্ধ করতে গিয়ে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়লেন রেলকর্মীরা। রেলকর্মীদের সামনে রেললাইনের উপর বসে গ্রামবাসীরা বিক্ষোভ দেখান। একাধিক গ্রামের বাসিন্দাদের বিক্ষোভের জেরে লেভেল ক্রসিং বন্ধ না করেই রেলকর্মীরা ফিরে যেতে বাধ্য হন।

Advertisement

মণ্ডলকুপি এলাকায় খড়্গপুর-আদ্রা লাইনের উপর একটি লেভেল ক্রসিং রয়েছে। সারাদিনে বেশ কিছু মালগাড়ি, প্যাসেঞ্জার ট্রেন এই লাইন দিয়ে যাতায়াত করে। কিন্তু তা সত্ত্বেও সেখানে কোনও গেটম্যান নেই। রেলের তরফে লেভেল ক্রসিংটি বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু গ্রামবাসীদের অভিযোগ, ওই রেলগেট চাষিরা ব্যবহার করেন। লেভেল ক্রসিং পেরিয়ে কয়েকশো বিঘা জমির ফসল নানা এলাকায় পৌঁছে যায়। লেভেল ক্রসিং বন্ধ হলে চাষিদের অনেকটাই ঘুরপথে যেতে হবে। ফলে এলাকায় যাতায়াতের খরচ বাড়বে।
এদিন মণ্ডলকুপির চাষি বিনয় দাস বলেন, আগে আন্ডারপাস তৈরি করে দিতে হবে। তারপর লেভেল ক্রসিং বন্ধ করলে ক্ষতি নেই। এখানে সেভাবে দুর্ঘটনাও হয়নি। এই লেভেল ক্রসিং বন্ধ করলে চাষের ক্ষতি হবে।
শালবনী পঞ্চায়েতের উপপ্রধান সৌমেন ঘোষ বলেন, রেল চাষিদের সমস্যায় ফেলতে চাইছে। যা কোনওভাবেই মেনে নেওয়া যাবে না। রেলকে আগেও চিঠি দেওয়া হয়েছে। আন্ডারপাস তৈরি হবে। কিন্তু তার আগে আচমকা লেভেল ক্রসিং বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে রেল। আমরা গ্রামবাসীদের পাশে আছি।-নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ